তালা ভেঙে অভিষেকের বাড়িতে তল্লাশি, ছুটে গেলেন মমতা
ছবি: সংগৃহীত
০৬:০০ পিএম | ১৩ জুন, ২০২৬
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোররাত তিনটার দিকে এই অভিযান চালানো হয়। হঠাৎ করে চালানো এই অভিযানে পুলিশের সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও।
দলীয় সূত্রে জানা গেছে, একটি আর্থিক প্রতারণার মামলার তদন্তের সূত্র ধরে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, অভিষেক ব্যানার্জীর ব্যক্তিগত সহায়ক (পিএ) সুমিত রায়ের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় একটি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মামলার তদন্ত করতেই মূলত এই অভিযান।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যায়, সেটি অভিষেকের কালীঘাটের বাড়ির ভেতরে রয়েছে। ওই সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই শনিবার ভোর রাত তিনটার দিকে শালবনি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে বাড়িটি ঘেরাও করে।
ছুটে গেলেন মমতা ব্যানার্জী
অভিষেক ব্যানার্জির বাড়িতে পুলিশি অভিযানের খবর পেয়েই ভোর রাতে সেখানে ছুটে যান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জী। তিনি বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন এবং পরিস্থিতির ওপর নজর রাখেন। তবে এই পুলিশি অভিযান নিয়ে গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি মমতা।
অভিযান শেষে সকালে বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ ভোর রাতে এসে বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকেছিল। এরপর তারা গোটা বাড়িতে তল্লাশি চালায়।
তবে পুলিশ তল্লাশি চালিয়ে বাড়ি থেকে কাউকে আটক করতে পেরেছে কি না বা কোনো কিছু জব্দ করেছে কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
এসএ/এসএন