বক্স অফিসে ইতিহাস গড়ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
ছবি: সংগৃহীত
০৬:০৮ পিএম | ১৩ জুন, ২০২৬
‘কিং অব পপ’ খ্যাত মাইকেল জ্যাকসনের বায়োপিক বলে কথা। বক্স অফিসে ঝড় তুলবে, এটা প্রত্যাশিতই ছিল। ঘটলও তাই। ২৪ এপ্রিল মুক্তির পর থেকে বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করে যাচ্ছে ‘মাইকেল’। এবার গড়ল রেকর্ড। মিউজিক্যাল বায়োপিক হিসেবে এখন এটিই সর্বকালের সর্বোচ্চ আয়ের ছবি।
এতদিন রেকর্ডটি ছিল ‘বোহেমিয়ান র্যাপসডি’র দখলে। ‘কুইন’ ব্যান্ড খ্যাত ফ্রেডি মার্কারির জীবন অবলম্বনে নির্মিত ছবিটি ২০১৮ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করেছিল। সেটাকে টপকে গেছে ‘মাইকেল’। সর্বশেষ খবর অনুযায়ী, ছবিটির আয় ছাড়িয়েছে ৯১১ মিলিয়ন ডলার।

ধারণা করা হচ্ছে, এ সপ্তাহের মধ্যেই ‘মাইকেল’ ঢুকে পড়বে বিলিয়ন ডলারের ক্লাবে। সেক্ষেত্রে ইতিহাসের প্রথম মিউজিক্যাল বায়োপিক হিসেবে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়বে ছবিটি।
‘মাইকেল’ নির্মাণ করেছেন অ্যান্টোইন ফুকোয়া। এতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। চাচার চরিত্রে তার অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছে। এছাড়াও আছেন নিয়া লং, জুলিয়ানো ভালদি, কেলিন ডারেল জোনস, লরা হ্যারিয়ার প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটে।
এসএ/টিকে