© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকারসহ ৪ এমপি

শেয়ার করুন:
চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকারসহ ৪ এমপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ পিএম | ১৩ জুন, ২০২৬
চার দিনের সরকারি সফর শেষে আজ শনিবার দুপুর ২টায় ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল।

চীনের ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুয়ান ফাং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আজ শনিবার চীনের কুনমিং বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বিদায় জানান।

কুনমিংয়ের স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইনসযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করে সংসদীয় দল।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ১১ জানুয়ারি কুনমিংয়ে আয়োজিত সপ্তম চায়না-সাউথ এশিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এবারের দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে থিম কান্ট্রি বাংলাদেশের দেশীয় পণ্য নিয়ে ৮৪টি প্যাভিলয়ন অংশ নিচ্ছে। ১৬ জুন পর্যন্ত চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে চলমান এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৃথিবীর ৬৮টি দেশ অংশগ্রহণ করছে।

সফরে ডেপুটি স্পিকার চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর সাথে একান্ত বৈঠক করেন।
দ্বিপক্ষীয় বৈঠকে ডেপুটি স্পিকার কুনমিং-চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব দেন ও তিস্তা ব্যারাজ নির্মাণে চীনা সহযোগিতা অব্যাহত রাখাসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ইকোনমিক জোন, পরিবহনব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান সহযোগিতার আহ্বান জানান।

চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বিভিন্ন উন্নয়ন সেক্টরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে তারা সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখছেন বলে উল্লেখ করেন।

কুনমিং আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে আজ সকালে ডেপুটি স্পিকার ইউনান প্রদেশে চালকবিহীন ভবিষ্যৎ পরিবহনব্যবস্থার একটি পাইলট প্রকল্প পরিদর্শন করেন। চীনের ইউনান প্রদেশের ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থাপনা কেবল নতুন সড়ক বা রেলপথ নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি স্মার্ট, সবুজ, নিরাপদ এবং সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা মডেল প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে।
ইউনান ‘ডিজিটাল ইউনান’ কর্মসূচির অংশ হিসেবে পরিবহন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা এবং ইন্টারনেট অব থিংস প্রযুক্তি ব্যবহার করবে।

এর আওতায় রিয়েল-টাইম ট্রাফিক পর্যবেক্ষণ, স্মার্ট ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, দুর্ঘটনা শনাক্তকরণ ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা, যাত্রীদের জন্য একীভূত তথ্যসেবা প্ল্যাটফর্ম, ই-টোল ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
সংসদীয় দলের অন্য সদস্য হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিএনপিদলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ও সংরক্ষিত স্বতন্ত্র এমপি জেসমিন সুলতানা জুঁই।
এ ছাড়া সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন প্রতিনিধিদলের সঙ্গে সফর করেন।

টিকে/

মন্তব্য করুন