জার্মানির বিপক্ষে মাঠে নামছে বিশ্বকাপে ১ম বারের মতো জায়গা পাওয়া কুরাসাও
ছবি: সংগৃহীত
০১:৫৪ পিএম | ১৪ জুন, ২০২৬
রূপকথার গল্পই বলা যায়। পুরো দেশের জনসংখ্যা মাত্র দেড় লাখ। সেই দেশটিই এবার প্রথমবারের মতো বিশ্বকাপে ঠাঁই করে নিয়েছে। নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
রোববার (১৪ জুন) রাত ১১টায় মাঠে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়বে কুরাসাও। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে বৈশ্বিক এই আসরে নাম লেখাবে দ্বীপরাষ্ট্রটি। এমন ইতিহাসের সামনে দাঁড়িয়ে খেলোয়াড়দের চাপমুক্ত রাখার চেষ্টা করছেন কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট।
কুরাসাও দলের ডিফেন্ডার শুরান্ডে সাম্বো জানান কোচ তাদের বলেছেন, নিজের মতো থাকো, নার্ভাস হইও না। অবশ্যই সবাই উত্তেজিত, কিন্তু নিজের মতো থাকো, নিজের সামর্থ্য দেখাও। কারণ এটাই সবচেয়ে বড় মঞ্চ।
বিশ্বকাপের মঞ্চে ২১তম বারের মতো অংশ নিচ্ছে জার্মানি। এবারের বিশ্বকাপের অন্যতম হট-ফেভারিট তারা। সাম্বো বলেন, আমরা জার্মানির অনেক ক্লিপ দেখেছি। তারা কিভাবে খেলে, কি করতে পারে।

কুরাসাও দল এমন একটি দেশের প্রতিনিধিত্ব করছে, যে দেশটি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এত বড় মুহূর্ত খুব কমই উপভোগ করার সুযোগ পায়।
নেদারল্যান্ডসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে কুরাসাওকে অলিম্পিকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেয়া হয় না। এছাড়া জনসংখ্যার অনুপাতে বিপুল সংখ্যক পেশাদার বেসবল খেলোয়াড় তৈরি করলেও, কুরাসাওয়ের খেলোয়াড়রা ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেন।
মিডফিল্ডার আরজানে মার্থা বলেন, আমরা এখানে শুধু উপস্থিত থাকার জন্য আসিনি। আমরা নিজেদের সামর্থ্য দেখাতে চাই এবং ভালো ফল অর্জন করতে চাই। দেশটির জনসংখ্যা তুলনামূলকভাবে কম হলেও, ইতিহাস গড়ার এই যাত্রায় কুরাসাও দল ঠিকই প্রচুর সমর্থন পাবে।
এসকে/টিকে