© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’- ড্র করে স্বস্তিতে ব্রাজিল

শেয়ার করুন:
‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’- ড্র করে স্বস্তিতে ব্রাজিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৯ পিএম | ১৪ জুন, ২০২৬
বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচের ফলাফলের পাশাপাশি দলের পারফরম্যান্স নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার দানিলো।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২১ মিনিটে পিছিয়ে পড়ে ব্রাজিল। পরে ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে সেলেসাওরা। শেষ পর্যন্ত সেই স্কোরলাইনই থেকে যায় ম্যাচজুড়ে।

ম্যাচ শেষে মিক্সড জোনে কথা বলতে গিয়ে দানিলো স্বীকার করেন, প্রথমার্ধে ব্রাজিলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ৮০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা এই মিডফিল্ডার বলেন, “প্রথমার্ধে আমরা খুবই বাজে খেলেছি। মাঠে আমাদের অবস্থান, টেকনিক, ট্যাকটিক্স- কোনো দিক থেকেই আমরা ভালো ছিলাম না।”

বোতাফোগোর এই ফুটবলারের মতে, ম্যাচের শুরু থেকেই দল মানসিক চাপের মধ্যে ছিল। যার কারণে নিজেদের ভুলেই বারবার বিপদের মুখে পড়তে হয়েছে ব্রাজিলকে।



দানিলো বলেন, “আমরা খুবই স্নায়ুচাপে ছিলাম, উদ্বিগ্নও ছিলাম। ফলে নিজেদের ভুলের কারণেই বারবার বিপদে পড়েছি। ভাগ্য ভালো যে প্রথমার্ধে আরও বেশি গোল হজম করতে হয়নি।”

তবে দ্বিতীয়ার্ধের খেলায় ইতিবাচক দিকও দেখছেন তিনি। তার মতে, বিরতির পর কৌশলগত পরিবর্তনের ফলে দল ঘুরে দাঁড়াতে পেরেছে এবং সেটিই পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস জোগাবে।

তার ভাষায়, “দ্বিতীয়ার্ধে আমরা বলের নিয়ন্ত্রণ রাখতে পেরেছি, সুযোগও তৈরি করেছি। এই বিষয়গুলো পরের ম্যাচের জন্য আমাদের আত্মবিশ্বাস দেবে।”

অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও স্বীকার করেছেন, ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা প্রত্যাশামতো শুরু হয়নি। তবে মরক্কোর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া এই ড্রকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন।

কাসেমিরো বলেন, “আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমরা সব সময় জয় দিয়ে শুরু করতে চাই, কিন্তু এটি ছিল শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ। এটা অবশ্যই স্বপ্নের মতো শুরু ছিল না।”

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে জয় ফিরিয়ে আনাই এখন সেলেসাওদের প্রধান লক্ষ্য।

এসকে/টিকে

মন্তব্য করুন