করণ-আদিত্যর বারণ সত্ত্বেও ‘লাগান’ ছবির শুটিং করেন আমির
ছবি: সংগৃহীত
০৩:১৩ পিএম | ১৪ জুন, ২০২৬
আগামী ১৫ই জুন ভারতীয় সিনেমার অন্যতম সেরা চলচ্চিত্র ‘লাগান’ মুক্তির ২৫ বছর পূর্ণ হতে যাচ্ছে। অস্কার-মনোনীত এই কালজয়ী ছবিটি নিয়ে সম্প্রতি একটি পুরনো স্মৃতির কথা শেয়ার করেছেন আমির খান।
তিনি জানিয়েছেন, ছবিটির শুটিং শুরু করার আগে তার দুই নির্মাতা বন্ধু করণ জোহর ও আদিত্য চোপড়া এই সিনেমাটি নিয়ে তাকে সতর্ক করেছিলেন এবং এক শিডিউলে শুটিং করতে নিষেধ করেছিলেন।
এক সাক্ষাৎকারে আমির খান জানান, গুজরাটে ছবিটির শুটিংয়ে যাওয়ার মাত্র কয়েক দিন আগে একটি পার্টিতে করণ জোহর ও আদিত্য চোপড়ার সঙ্গে তার দেখা হয়। তখন তারা আমিরকে বলেছিলেন যে, এক শিডিউলে পুরো সিনেমার শুটিং করাটা হবে একটা বড় ভুল। তাদের ধারণা ছিল, এত বড় প্রজেক্ট একবারে করতে গেলে সবকিছু এলোমেলো বা গণ্ডগোল হয়ে যাবে।
বন্ধুদের এমন পরামর্শ সত্ত্বেও আমির খান নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। পরিচালক আশুতোষ গোয়ারিকরের পরিকল্পনা অনুযায়ী গুজরাটের একটি শিডিউলে ছবির পুরো শুটিং শেষ করা হয়, যা তৎকালীন ভারতীয় সিনেমার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ছিল। আমির রসিকতা করে বলেন, সেদিন তারা বারণ করলেও আজ আদি (আদিত্য) এবং করণ দুজনেই এক শিডিউলে এবং সরাসরি সেটের শব্দ ধারণ (সিঙ্ক সাউন্ড) করে শুটিং করছেন।
আমির খান এই ছবিতে অভিনয় ও এটি প্রযোজনা করার সিদ্ধান্তকে তার জীবনের অন্যতম বড় ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
ছবিটি ২০০১ সালে মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়ায়। পরবর্তীতে ২০০২ সালে এটি বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘অস্কার’ পুরস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগেও মনোনয়ন লাভ করেছিল।
সূত্র : এনডিটিভি
কেএন/টিকে