© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

শেয়ার করুন:
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২১ পিএম | ১৪ জুন, ২০২৬
দেশের প্রতিটি সংসদীয় আসনে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করছে সরকার। সেই সাথে গ্রামভিত্তিক ম্যাপিংয়ের মাধ্যমে প্রতিটি গ্রামে নিশ্চিত করা হবে প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ। রোববার (১৪ জুন) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক কর্মশালায় এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, দেশের কোনো গ্রাম যেন প্রাথমিক বিদ্যালয়বিহীন না থাকে, সেজন্য গ্রামভিত্তিক ম্যাপিং কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, “সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে হবে। আর এই লক্ষ্য অর্জনে মানবসম্পদ উন্নয়নে শিক্ষার চেয়ে বড় কোনো বিনিয়োগ হতে পারে না।”

উচ্চশিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিল্পখাত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা দূর করতে সরকার কাজ করছে। বর্তমান কর্মবাজারে টিকে থাকার মতো দক্ষতা অর্জনের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

ইউনিসেফ আয়োজিত ‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ)’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া শিক্ষাবিদ এবং ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।

এমআই/এসএন  

মন্তব্য করুন