বিশ্বখ্যাত ইসলামী অর্থনীতিবিদ ড. উমর চাপড়া আর নেই
ছবি: সংগৃহীত
০৫:৫৬ পিএম | ১৪ জুন, ২০২৬
আধুনিক যুগের ইসলামী অর্থনীতির পুরোধা ব্যক্তিত্ব ড. মুহাম্মদ উমর চাপরা ইন্তেকাল করেছেন। তিনি গত কয়েক দশক ধরে ইসলামী অর্থনীতি ও অর্থায়নে যুগান্তকারী অবদান রেখেছেন।
শনিবার (১৩ জুন) বিকেলে মক্কায় তিনি ইন্তেকাল করেন। আজ রবিবার ফজর নামাজের পর মক্কার মসজিদুল হারামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয়। ড. মুহাম্মদ উমর চাপরার ছেলে ড. আনাস চাপরা আরব নিউজকে এ কথা জানিয়েছেন।
ড. উমর চাপরা জেদ্দায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী অর্থনীতি ও ফাইন্যান্সে বহুবিধ অবদানের জন্য তিনি ১৯৮৯ সালে ‘ইসলামী উন্নয়ন ব্যাংক পুরস্কার’ অর্জন করেন। পরে ইসলামী শিক্ষায় ইসলামিক ফাইন্যান্স বিষয়ক বিশেষ অবদান রাখায় ১৯৯০ সালে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। ড. উমর চাপরা ১৯৩৩ সালে অবিভক্ত ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন।
১৯৫৬ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৬১ সালে মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. চাপরা মিনেসোটায় গবেষণা সহকারী এবং উইসকনসিন ও কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ড. উমর চাপরা পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনোমিকস-এর সিনিয়র অর্থনীতিবিদ ও পাকিস্তান ডেভেলপমেন্ট রিভিউ-এর সহযোগী সম্পাদক ছিলেন। পরে পাকিস্তান সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইসলামিক রিসার্চ-এ রিডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি এবং প্রবন্ধ সংখ্যা শতাধিক।
তিনি ইসলামি অর্থনীতি ও ফাইন্যান্সের ওপর ব্যাপক লেখালেখি করেছেন। তাঁর অন্যতম গ্রন্থগুলো হচ্ছে- ‘টুয়ার্ডস এ জাস্ট মনিটারি সিস্টেম (১৯৮৫)’, ‘ইসলাম এন্ড ইকনোমিক ডেভেলপমেন্ট (১৯৮৮)’, ‘ইসলাম এন্ড দি ইকনোমিক চ্যালেঞ্জ (১৯৯২)’, ‘দা ফিউচার অব ইকোনোমিকস: এন ইসলামিক পারসপেকটিভ (২০০০)’ এবং ‘মুসলিম সিভিলাইজেশন: দ্য কজেজ অব ডিক্লাইন এন্ড দ্য নিড ফর রিফর্ম (২০০৭)’ এবং ‘মোরালিটি অ্যান্ড জাস্টিস ইন ইসলামিক ইকনোমিকস অ্যান্ড ফাইন্যান্স’ (২০১৪)।
আরআই/টিকে