© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ত্বকী হত্যা মামলা : আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ ফের ২ দিনের রিমান্ডে

শেয়ার করুন:
ত্বকী হত্যা মামলা : আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ ফের ২ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ পিএম | ১৪ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে (৩৮) আবারও দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (১৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ। এর আগে সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালত এ আদেশ দেন। 

তিনি জানান, মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব গত ৪ জুন জামশেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে নির্ধারিত তিন কার্যদিবসের মধ্যে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করতে না পারায় র‌্যাব পুনরায় আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ১১ সেপ্টেম্বর জামশেদ শেখকে গ্রেপ্তার করে র‌্যাব। একই দিনে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় দেড় বছর পর একই মামলায় তাকে আবারও রিমান্ডে নেওয়া হলো।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে একটি পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হন মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করে আসছেন, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান এবং তাদের সহযোগীরা ত্বকীকে অপহরণের পর হত্যা করেন।

মামলার তদন্তে উঠে আসে, জামশেদ শেখ ছিলেন আজমেরী ওসমানের ব্যক্তিগত গাড়িচালক। র‌্যাবের তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়, ত্বকীকে হত্যার পর মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার কাজে ব্যবহৃত গাড়িটি জামশেদই চালিয়েছিলেন। তবে বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও মামলার তদন্ত শেষ হয়নি। এখনো আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা। ফলে বিচারিক কার্যক্রমও শুরু করা সম্ভব হয়নি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু জানান, গত ১ জুন মামলাটির ১০৪তম ধার্য তারিখে আদালত র‌্যাবকে আগামী ১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন বা অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও এর আগেও একাধিকবার আদালতের তাগিদের পর তদন্ত সংস্থা সময় বৃদ্ধির আবেদন করেছে।

মন্তব্য করুন