কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সৌদির কোচ বিশ্বকাপে ফিরলো তিউনিসিয়ার দায়িত্বে
ছবি: সংগৃহীত
০৫:১৩ পিএম | ১৬ জুন, ২০২৬
বিশ্বকাপের শুরুটা দুঃস্বপ্নের মতো কেটেছে তিউনিসিয়ার। উদ্বোধনী ম্যাচে সুইডেনের কাছে ৫–১ গোলের বড় ব্যবধানে হারের পর দলজুড়ে শুরু হয় সমালোচনা ও হতাশা। সেই ধাক্কার রেশ কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন। প্রধান কোচ সাবরি লামুশিকে দায়িত্ব থেকে সরিয়ে দলের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ফরাসি কোচ এরভে রেনারকে।
মঙ্গলবার সন্ধ্যা থেকেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করছেন ৫৭ বছর বয়সী এই কোচ। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত রেনারের সঙ্গে চুক্তি হয়েছে। তবে টুর্নামেন্ট শেষে নির্দিষ্ট ক্রীড়া লক্ষ্য সামনে রেখে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে।
বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খাওয়া তিউনিসিয়ার সামনে এখন ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। দলটির সামনে রয়েছে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ২১ জুন জাপান এবং ২৬ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে উত্তর আফ্রিকার দেশটি। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে এই দুই ম্যাচে ইতিবাচক ফলের বিকল্প নেই।
তিউনিসিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা আশাব্যঞ্জক নয়। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছেও ৫–০ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছিল দলটিকে। ফলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং দলকে নতুনভাবে সংগঠিত করাই হবে রেনারের প্রথম কাজ।
আন্তর্জাতিক ফুটবলে রেনারের পরিচয় একজন অভিজ্ঞ ও সফল কোচ হিসেবে। তার অধীনে জাম্বিয়া ২০১২ সালে এবং আইভরি কোস্ট ২০১৫ সালে আফ্রিকা কাপ জেতে। এছাড়া মরক্কো ও সৌদি আরব জাতীয় দলের দায়িত্বও পালন করেছেন তিনি।
বিশ্ব ফুটবল সবচেয়ে বেশি মনে রেখেছে কাতার বিশ্বকাপে তার সৌদি আরবকে। সেই আসরে উদ্বোধনী ম্যাচেই পরবর্তী চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছিল রেনারের দল।
সবশেষে তিনি ফ্রান্স নারী জাতীয় দলের দায়িত্বে ছিলেন এবং দলকে ২০২৪ ইউরোপীয় নারী নেশনস লিগের ফাইনালে তুলেছিলেন।
এবার সেই অভিজ্ঞতার আলোতেই বিশ্বকাপের কঠিন মুহূর্তে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে তিউনিসিয়া।
টিকে/