© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

শেয়ার করুন:
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৩ এএম | ১৭ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। বাজারে আশাবাদ তৈরি হয়েছে যে, গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী আবার স্বাভাবিকভাবে চালু হতে পারে। এর প্রভাবে তেলের দাম তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি কমে যায়।

এদিন বাংলাদেশ সময় বিকাল চারটা ৫৯ মিনিটে (গ্রিনিচমান সময় সকাল ১০টা ৫৯) বাজারে ব্রেন্ট ফিউচার ২ দশমিক ৪ শতাংশ বা ২ দশমিক ০২ ডলার কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১৫ ডলারে নেমে আসে। একপর্যায়ে এর দাম কমে দাঁড়ায় ৮০ দশমিক ৮৯ ডলারে, যা গত ৪ মার্চের পর সর্বনিম্ন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও কমেছে। এটি ২ দশমিক ৮ শতাংশ বা ২ দশমিক ২২ ডলার কমে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫৩ ডলারে লেনদেন হয়। এর আগে দাম নেমে যায় ৭৮ দশমিক ২৭ ডলারে, যা ১০ মার্চের পর সর্বনিম্ন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে যে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমতে পারে এবং বিশ্ববাজারে তেল সরবরাহের ঝুঁকি হ্রাস পাবে।

বিশেষ করে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। কোনও ধরনের সামরিক উত্তেজনা বা অবরোধের আশঙ্কা থাকলে সাধারণত জ্বালানির দাম বেড়ে যায়, তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় এবার উল্টো প্রভাব দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে একটি অন্তর্বর্তী সমঝোতার ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের বাজারে চাপ তৈরি হয়। ওই ঘোষণার পর একদিনেই তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়।

বাজার পর্যবেক্ষকদের মতে, যদি এই সমঝোতা কার্যকর হয় এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়, তাহলে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশায় দাম আরও কমতে পারে। তবে চুক্তি বাস্তবায়ন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ আলোচনার অগ্রগতির ওপর বাজারের স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করবে।

সূত্র: আল-জাজিরা

এমআর/টিকে  

মন্তব্য করুন