স্পেন-উরুগুয়ের ড্রয়ে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ
ছবি: সংগৃহীত
০১:০৫ এএম | ১৭ জুন, ২০২৬
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের সাক্ষী হয়েছে স্পেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে সৌদি আরবের সঙ্গে পয়েন্ট ভাগ করেছে উরুগুয়ে। এই ম্যাচ দুটি ড্র হওয়ায় নকআউট পর্বে আর্জেন্টিনার সমীকরণ কিছুটা কঠিন হয়ে গেল।
নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্পেন। এরপর পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে উরুগুয়ে। দুই শীর্ষ দল পয়েন্ট ভাগ করায় এইচ গ্রুপের লড়াই জমে গেছে। এদিকে ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আগামীকাল ভোরে।নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা। গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।

নিয়ম অনুযায়ী, আর্জেন্টিনা যদি নিজেদের গ্রুপে প্রথম বা দ্বিতীয় হয়ে নকআউট পর্বে যায়, তাহলে রাউন্ড অব থার্টি টুতে এইচ গ্রুপের কোনো দলের বিপক্ষে দেখা হবে আলবিসেলেস্তেদের। তবে তৃতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করলে নকআউটের প্রথম ধাপে ভিন্ন কোনো গ্রুপের শীর্ষ দলগুলোর মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে।
প্রতিপক্ষ বিবেচনায় মহানাটকীয় কিছু না হলে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করতে হবে না আর্জেন্টিনাকে। অর্থাৎ ‘এইচ’ গ্রুপের যেকোনো এক দলের বিপক্ষেই দেখা হয়ে যাবে তিনবারের চ্যাম্পিয়নদের। স্পেন ও উরুগুয়ে নিজেদের প্রথম ম্যাচ ড্র করায় এই দুই দলের লড়াই গ্রুপের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ ৩২-এর লড়াইয়ে এইচ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অর্থাৎ নকআউটের শুরুতেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে আলবিসেলেস্তেদের। দেখা হয়ে যেতে পারে স্পেন কিংবা উরুগুয়ের সঙ্গে।
এমআর/টিকে