বিশ্বকাপ অভিযান শুরুর আগে মেসিদের নিয়ে আবেগী বার্তা দি মারিয়ার
ছবি: সংগৃহীত
০২:২৪ এএম | ১৭ জুন, ২০২৬
বুটজোড়া তুলে না রাখলে হয়তো এবারের বিশ্বকাপেও থাকতেন আনহেল দি মারিয়া। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামতেন তিনি।
তবে ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় সেই সুযোগ নাই তার।
মাঠে থাকতে না পারলেও আর্জেন্টিনা দলের সঙ্গেই আছেন বলে জানিয়েছেন দি মারিয়া। সকালে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর আগে মেসি-হুলিয়ান আলভারেজদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন সাবেক উইঙ্গার। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ থেকে নতুন স্বপ্নের যাত্রা শুরু হচ্ছে।

হৃদয়ের অন্তঃস্থল থেকে বলতে চাই, শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে আছি। খেলোয়াড় হিসেবে মাঠে থাকার অনুভূতি জানি, আর এখন একজন সাধারণ ভক্ত হিসেবে থাকার অনুভূতিও আমার জানা।’
সবটুকু নিংড়ে দিয়ে আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হোক এমনটাই চাওয়া দি মারিয়ার। কাতার বিশ্বকাপের ফাইনালের গোলদাতা বলেন, ‘শুধু এটুকু বলতে চাই, তোমাদের আজকের এই স্বপ্ন প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন।
তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। চলো, এবার সবটুকু উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে আনি। এগিয়ে চলো, আর্জেন্টিনা!’
আজ সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই ম্যাচ অস্ট্রিয়া ও জর্দানের বিপক্ষে।
এমআর/টিকে