আর্জেন্টিনা ও আলজেরিয়া ম্যাচের কিছু পরিসংখ্যান
ছবি: সংগৃহীত
০৫:২৭ এএম | ১৭ জুন, ২০২৬
দুই অর্ধে দুটি গোল করেন লিওনেল মেসি। সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে আলজেরিয়াকে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচের ১৯ বছর পর ফুটবলের আঙিনায় আবার মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার এই দুটি দল।
ক্যানসাস সিটিতে বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তার আগে দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।
১
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত একবারই দেখা হয়েছে এই দুই দলের। ২০০৭ সালের জুনে বার্সেলোনার কাম্প নউয়ে ওই প্রীতি ম্যাচটি ৪-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা। জোড়া গোল করে জয়ের নায়ক ছিলেন মেসি।
০
কদিন আগে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা, ২০২৫ সালের জুলাইয়ের পর প্রথম। র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করে কোনো দল এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি।

১৯৬২
১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া ব্রাজিল ১৯৬২ সালে পরের আসরে ধরে রাখে শিরোপা। তারপর থেকে আর কোনো দল টানা দুটি বিশ্বকাপ জিততে পারেনি।
৭
আর্জেন্টিনা সবশেষ হেরেছে ২০২৫ সালের সেপ্টেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের বিপক্ষে ১-০ গোলে। তারপর থেকে টানা সাত ম্যাচ জিতেছে লিওনেল স্কালোনির দল।
১
নিজেদের সবশেষ ২৪ ম্যাচের মধ্যে কেবল একটিতে মূল ম্যাচে হেরেছে আলজেরিয়া, এই বছরের জানুয়ারিতে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে। এই সময়ে আরও দুইবার হারের স্বাদ পেয়েছে দলটি, তবে সেগুলো টাইব্রেকারে।
৬
আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি গড়বেন মেসি। একই দিন কয়েক ঘন্টা পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই স্বাদ পেতে পারেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
ওই দুজনের মতো গিয়ের্মো ওচোয়াও ছয়টি বিশ্বকাপে জাতীয় দলের স্কোয়াডে আছেন। তবে আগের পাঁচবারের মধ্যে মেক্সিকোর এই গোলরক্ষক মাঠে নামার সুযোগ পান শুধু তিনটি আসরে। ২০০৬ ও ২০১০ আসরে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি তিনি। এবার প্রথম ম্যাচে তাকে বেঞ্চে রাখেন কোচ।
৮
আর একটি অ্যাসিস্ট করলেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নেবেন মেসি। ৮টি অ্যাসিস্ট নিয়ে বর্তমানে দিয়েগো মারাদোনার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।
২৬
বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৬ ম্যাচ খেলার রেকর্ড মেসির। ২০২২ সালের ফাইনালে মাঠে নেমে জার্মান গ্রেট লোথার মাথাউসকে (২৫) ছাড়িয়ে যান আর্জেন্টিনা অধিনায়ক।
এখনও সক্রিয় খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপে ২০টির বেশি ম্যাচ খেলেছেন আর কেবল রোনালদো (২২)।
এমআর/টিকে