© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রূঢ় ট্যাকলের পরও মেসিকে কার্ড না দেখানোয় সমর্থকদের ক্ষোভ

শেয়ার করুন:
রূঢ় ট্যাকলের পরও মেসিকে কার্ড না দেখানোয় সমর্থকদের ক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ পিএম | ১৭ জুন, ২০২৬
বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই পেল বড় জয়। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে জাদুকরি ফুটবলে হ্যাটট্রিক করে মিরস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে নাম লেখানোর পর চলছে মেসিবন্দনা। তবে মুদ্রার উল্টো পিঠে বিতর্কেরও জন্ম হয়েছে। কিছু দর্শক ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তাদের মতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে একটি বিতর্কিত ট্যাকলের পরও লিওনেল মেসি লাল কার্ড এড়িয়ে গেছেন।

৩৮ বছর বয়সী মেসি চলমান বিশ্বকাপ স্মরনীয় করে রাখলেন  অসাধারণ এক হ্যাটট্রিকের মাধ্যমে। কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের সাড়ে তিন বছর পর আবার বিশ্বকাপ মঞ্চে নেমেই করলেন ৩ গোল।  কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই মেসির কাছের পোস্টে নেওয়া শট জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ১৭তম মিনিটে তিনি জোরালো শটে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।



কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে বিতর্কের জন্ম হয়। খেলার প্রায় ৩০ মিনিট পার হওয়ার পর মেসির বুটের তলা আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির পায়ের পেছনের অংশে আঘাত করে। আঘাত পেয়ে মান্দি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

তবে রেফারি শিমন মারচিনিয়াক কিংবা ভিএআর কর্মকর্তারা কেউই ঘটনাটিকে শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করেননি। ফলে মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অনেক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। তাদের দাবি, মেসি ছাড়া অন্য কোনো খেলোয়াড় হলে এমন ট্যাকলের জন্য অবশ্যই শাস্তি পেতেন।

একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী লিখেছেন, 'এটা ফুটবলের জন্য ভালো বার্তা নয়। বিশ্বমঞ্চে মেসির মতো একজন খেলোয়াড়ের স্পষ্ট লাল কার্ডের অপরাধ করে শাস্তি না পাওয়া লজ্জাজনক।'

আরেকজন মন্তব্য করেন, 'এটা সহজেই লাল কার্ড হওয়া উচিত ছিল। একই ঘটনা রোনালদোর ক্ষেত্রেও ঘটবে। মনে হচ্ছে তাদের মুখোমুখি করানোর জন্য সবকিছু সাজানো হচ্ছে।'

তৃতীয় একজন লেখেন, 'বিশ্বাসই করতে পারছি না, এই ট্যাকলের জন্য সে কোনো কার্ডই পেল না।' আরেকজন বলেন, 'এটা ছিল অপরাধের মতো ট্যাকল। অন্য কোনো খেলোয়াড় হলে সরাসরি মাঠের বাইরে চলে যেত।' পঞ্চম একজন কটাক্ষ করে লেখেন, 'মেসি লাল কার্ড পায়নি, কারণ সে ফিফার প্রিয়পাত্র।'

সমালোচনা সত্ত্বেও মেসি ম্যাচে নিজের দাপট অব্যাহত রাখেন। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। একটি গোল করেন রিবাউন্ড থেকে এবং আরেকটি করেন বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে জয় তুলে নেয়।


আরআই/ এসএন

মন্তব্য করুন