মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার অর্জন করা ‘মাস্তুল’ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে
ছবি: সংগৃহীত
০৮:৫৩ পিএম | ১৭ জুন, ২০২৬
বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ ৪৭তম মস্কো আন্তর্চাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জন করে নেয়। এছাড়া আরও একাধিক উৎসবে পুরস্কৃত হয়েছে ছবিটি। সেই সুবাদে দেশের অনেকেই অপেক্ষায় রয়েছেন, প্রেক্ষাগৃহে ছবিটি দেখার।
এবার মিলল সে সুখবর। নির্মাতা জানালেন, ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাস্তুল’। এরই মধ্যে শুরু করলেন প্রচারণা। বুধবার প্রকাশ করলেন ছবির অফিসিয়াল পোস্টার। যেটা ডিজাইন করেছেন ধ্রুব এষ।
নির্মাতা জানান, এ বছরের শুরুতেই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল। সে লক্ষ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকেও গত বছরেই প্রদর্শনের অনুমতি নেওয়া হয়। তবে সঙ্গত কারণে আরও কিছুটা বিলম্ব করলেন।

পোস্টার প্রকাশের সঙ্গে দর্শকের উদ্দেশ্যে নূরুজ্জামান বললেন, ‘নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীর থেকে শুরু হওয়া এই যাত্রা বিদেশের নানান প্রান্ত পেরিয়ে এবার এসে পৌঁছেছে দেশের প্রেক্ষাগৃহের দোরগোড়ায়। জাহাজ, নদী আর মানুষের চিরচেনা বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা এক অদেখা জগতের মুখোমুখি হবেন খুব শিগগিরই।’
‘মাস্তুল’- এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানীবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরে ভাসমান মানুষের জীবন, বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন, সিফাত বন্যা প্রমুখ।
এসকে/টিকে