মেসি-এমবাপ্পে-হল্যান্ডদের ম্যাচের দিনে বিশ্বকাপে দর্শক উপস্থিতির সর্বোচ্চ রেকর্ড
ছবি: সংগৃহীত
০৯:২৪ পিএম | ১৭ জুন, ২০২৬
মঙ্গলবার (১৬ জুন) দিনটি ছিল ফিফা বিশ্বকাপে রেকর্ডের ছড়াছড়ি। এদিন ৪টি ম্যাচে খেলতে নেমেছিল ৮টি দল। আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স সেনেগালের, আরলিং হল্যান্ডের নরওয়ে ইরাকের, আরেক ম্যাচে অস্ট্রিয়া খেলেছে জর্ডানের বিপক্ষে।
মাঠে নেমেই ইতিহাস গড়েন মেসি। প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তি গড়েন তিনি। ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক আদায় করে নেন।
এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা পৌঁছেছে ১৬-তে। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি।
সেনেগালের বিপক্ষে দুই গোল করে কিলিয়ান এমবাপ্পে এখন ফিফা বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ১৫টি বিশ্বকাপ ম্যাচে ১৪ গোল করে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি জাস্ট ফন্টেইনকে, যার নামের পাশে ছিল ১৩ গোল। আর হল্যান্ড প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেই করেন জোড়া গোল।

এদিন আরেকটি রেকর্ড হয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে একদিনে সর্বাধিক দর্শক উপস্থিতি দেখা গেছে। চারটি ম্যাচ দেখতে মোট ২ লাখ ৮১ হাজার ২২৩ জন দর্শক মাঠে উপস্থিত ছিলেন। এর মাধ্যমে ১৯৯৪ সালের বিশ্বকাপে হওয়া রেকর্ড ভেঙে যায়। সেই আসরেও একদিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং মোট দর্শকসংখ্যা ছিল ২ লাখ ৭৭ হাজার ৭০ জন।
কোন ম্যাচে কতজন দর্শক
ফ্রান্স বনাম সেনেগাল: ৮০ হাজার ৫৪৫ জন দর্শক
আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: ৬৯ হাজার ৪৫ জন দর্শক
অস্ট্রিয়া বনাম জর্ডান: ৬৮ হাজার ৫২৭ জন দর্শক
ইরাক বনাম নরওয়ে: ৬৩ হাজার ১০৬ জন দর্শক
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের বিশ্বকাপে বর্তমানে প্রতি ম্যাচে গড় দর্শকসংখ্যা ৬৫ হাজার ৪৮৩ জন। সংস্থাটি আরও জানিয়েছে, এই ধারা অব্যাহত থাকলে টুর্নামেন্টটি ১৯৯৪ সালের বিশ্বকাপের সর্বোচ্চ মোট দর্শকসংখ্যার রেকর্ডও অতিক্রম করতে পারে। সেই আসরে মোট দর্শক উপস্থিতি ছিল ৩৫ লাখের বেশি।
এসকে/টিকে