© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হলিউডে সফল হওয়ার মন্ত্র জানালেন আলি ফজল

শেয়ার করুন:
হলিউডে সফল হওয়ার মন্ত্র জানালেন আলি ফজল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৮ পিএম | ১৮ জুন, ২০২৬
‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’, ‘ডেথ অন দ্য নাইল’ বা ‘কান্দাহার’-এর মতো আন্তর্জাতিক ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন আলি ফজল। হলিউড নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেখানে কাজ করার অভিজ্ঞতা এবং সফল হওয়ার একটি সহজ উপায় বাতলে দিলেন এই অভিনেতা। তার মতে, হলিউডে সফল হতে হলে কোনো ধরনের লজ্জা বা দ্বিধা রাখা চলবে না।

আলি ফজল জানান, অডিশন দিতে কখনও সঙ্কোচ করা উচিত নয়। ইন্ডাস্ট্রির একটি ভুল ধারণা ভেঙে দিয়ে তিনি বলেন, অনেকেই ভাবেন হলিউডে কাজ পেতে হলে আগে কোনো বড় এজেন্সির সঙ্গে যুক্ত হতে হয়।

কিন্তু বাস্তবে তা নয়। ভালো অডিশনের মাধ্যমে কাজ পাওয়ার পরেই এজেন্সিগুলো অভিনেতাদের প্রতি আগ্রহ দেখায়।
এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও নিজের অভিজ্ঞতায় বলেছিলেন, হলিউডে কাজ শুরুর সময় তিনি নিজের ‘বলিউড তারকা’ পরিচয় মাথায় রাখেননি। এক ঘর লোকের সামনে ‘আমি একজন ভারতীয় অভিনেত্রী’ হিসেবে পরিচয় দিতে তার বিন্দুমাত্র দ্বিধা ছিল না।

আলির কথাতেও যেন প্রিয়াঙ্কার সেই আত্মবিশ্বাসের সুরই পাওয়া গেল।

হলিউডের পাশাপাশি বর্তমানে নিজের নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘রাখ’ নিয়েও বেশ ব্যস্ত আলি ফজল। প্রসিত রায়ের এই সিরিজটিতে তাকে প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে।



আলি ফজল বলেন, পুলিশের এই জাঁদরেল চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য তাকে বেশ দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এই চরিত্রটি গড়ে তোলার পেছনে পুলিশের পোশাক বা উর্দির একটি বিশেষ ভূমিকা ছিল।

পোশাক পরার প্রথম দিনের অভিজ্ঞতা মনে করে তিনি বলেন, শুরুতে খাকি পোশাকটি পরলেও চরিত্রটি পুরোপুরি নিজের মধ্যে ধারণ করতে পারেননি। তবে দমে যাননি তিনি। ধীরে ধীরে নানারকম খুঁটিনাটি বিষয় রপ্ত করে এবং নিজের মধ্যে মিলিয়ে চরিত্রটিকে নিখুঁতভাবে গড়ে তুলেছেন।

‘রাখ’ সিরিজে প্রথমবারের মতো নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আলি। সহ-অভিনেত্রী সম্পর্কে ওনার অভিজ্ঞতা দারুণ।

সোনালি বেন্দ্রের প্রশংসা করে আলি বলেন, তিনি একজন অসাধারণ শিল্পী। কাজের ক্ষেত্রে যেকোনো সমস্যায় সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুটিংয়ের সময় সোনালির দুর্দান্ত অভিনয় দেখে তিনি নিজেই অনেক সময় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন বলে জানান আলি ফজল।

এসএন 

মন্তব্য করুন