ওটিটি দুনিয়ায় সানিয়ার ক্যারিয়ারে নতুন মোড়!
ছবি: সংগৃহীত
০৪:৪২ পিএম | ১৮ জুন, ২০২৬
ভারতের সাবেক জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা। তাকে নিয়ে দেশটির বিনোদন জগতে জোর গুঞ্জন উঠেছে, শিগগিরই ওটিটি-র দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি।
বিভিন্ন সূত্রের দাবি, নতুন রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাদা’-তে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে সানিয়াকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউডের খ্যাতনামা পরিচালক ও নৃত্যশিল্পী ফরাহ খান এবং অভিনেতা রিতেশ দেশমুখ।
সানিয়া ও ফারাহর বন্ধুত্ব দীর্ঘদিনের। ব্যক্তিগত জীবনেও তারা অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই কারণেই ফারাহর নতুন শোয়ে সানিয়ার অংশগ্রহণ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। তবে এখনো পর্যন্ত নির্মাতাদের বা সানিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মে আরও একটি বড় রিয়্যালিটি শো ‘অ্যালিয়েন্স’ নিয়ে শুরু হয়েছে চর্চা। এই শোয়ের মাধ্যমে প্রথমবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা কুণাল খেমুকে। একাংশের মতে, ওটিটি প্ল্যাটফর্মে রিয়্যালিটি শোয়ের বাজারে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণ দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। সেই কারণেই সানিয়ার সম্ভাব্য ওটিটি অভিষেক নিয়ে এখন থেকেই বেশ উন্মাদনা তৈরি হয়েছে।
তবে আপাতত সাবেক এই টেনিস তারকার অনুরাগীদের অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য। সত্যিই যদি সানিয়া ‘লক আপ’-এর প্রতিযোগী হন, তাহলে এর মাধ্যমে ক্যারিয়ারের নতুন অধ্যায়ে যাত্রা শুরু হবে সানিয়ার।
এসএ/এসএন