© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শূন্য পদের ভুল তথ্যে বিপাকে শিক্ষকরা২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

শেয়ার করুন:
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৪ পিএম | ১৮ জুন, ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ডিজিটাল প্রক্রিয়া ‘ই-রিকুইজিশন’-এ চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন দেশের ২৩৭টি বেসরকারি কলেজের অধ্যক্ষ। শূন্য পদের ভুল তথ্য পাঠানো এবং নির্ধারিত সময়ে তা যাচাই না করায় এই প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে এবার কঠোর অ্যাকশনে নেমেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার মাউশির বেসরকারি কলেজ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই ২৩৭ জন অধ্যক্ষকে একযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাদের এমপিও বন্ধ করা হবে না এবং গভর্নিং বডির সভাপতির পদ শূন্য ঘোষণা করা হবে না, তারও জবাব চাওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, কলেজগুলোর এমন ভুল ও বিভ্রান্তিকর চাহিদার কারণে একদিকে যেমন শিক্ষা প্রশাসনের সার্বিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হচ্ছে, অন্যদিকে এনটিআরসিএ-এর মাধ্যমে সুপারিশ পেয়েও শত শত যোগ্য চাকরিপ্রার্থী কর্মস্থলে যোগ দিয়ে এমপিওভুক্তির ক্ষেত্রে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। মূলত মাঠপর্যায়ের এই বিশৃঙ্খলা দূর করতেই অধিদপ্তর এই শক্ত অবস্থান নিয়েছে।

সম্প্রতি দেশের ৯টি শিক্ষা অঞ্চলের মোট ২ হাজার ৩৩৭টি কলেজের শূন্য পদের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে মাউশি। 
এর মধ্যে ২ হাজার ১০০টি পদের তথ্য সঠিক পাওয়া গেলেও ২৩৭টি পদের চাহিদা সম্পূর্ণ ভুল ও ভুয়া হিসেবে প্রমাণিত হয়। 

তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে এককভাবে শীর্ষে রয়েছে চট্টগ্রাম অঞ্চল, যেখানকার কলেজগুলো থেকে সর্বোচ্চ ১২১টি পদে ভুল চাহিদা পাঠানো হয়েছে। এছাড়া বরিশাল অঞ্চলে ৩৯টি, খুলনা অঞ্চলে ৩৮টি, রাজশাহী অঞ্চলে ১৪টি, রংপুর অঞ্চলে ১১টি, ঢাকা অঞ্চলে ৫টি, সিলেট অঞ্চলে ৪টি, ময়মনসিংহ অঞ্চলে ৩টি এবং কুমিল্লা অঞ্চলের কলেজগুলোতে ২টি পদের ভুল তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে।

এহেন গাফিলতির দায়ে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১৮.১ (ঘ) ধারা মোতাবেক সংশ্লিষ্ট অধ্যক্ষদের এমপিও কেন স্থায়ীভাবে স্থগিত বা বাতিল করা হবে না, তার স্পষ্ট জবাব চেয়েছে মাউশি। সেই সাথে বিধিভঙ্গের দায়ে কলেজের গভর্নিং বডির সভাপতির পদ শূন্য ঘোষণাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এই শোকজের জবাব ও প্রয়োজনীয় মতামত মাউশিতে পাঠানোর জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

টিজে/টিকে 

মন্তব্য করুন