প্রথমার্ধ শেষে সাদিলেকের গোলে এগিয়ে চেক প্রজাতন্ত্র, চাপে দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত
১১:৩০ পিএম | ১৮ জুন, ২০২৬
ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে গেছে ইউরোপের দলটি। ম্যাচের ৬ মিনিটে মিখাল সাদিলেকের করা গোলই এখন পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে। এই পরাজয় হলে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ কঠিন হয়ে পড়বে দক্ষিণ আফ্রিকার জন্য।
চেক প্রজাতন্ত্র শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং তার ফলও পেয়েছে দ্রুত। ডান প্রান্ত থেকে নেওয়া একটি লম্বা থ্রো থেকে আক্রমণের সূচনা হয়। বল নিয়ন্ত্রণে নেওয়ার পর আদাম হ্লোজেক ডি-বক্সে পাস বাড়ান। সেখানে সোইকার সঙ্গে দারুণ এক ওয়ান-টু পাস আদান-প্রদানের পর নিচু শটে জাল খুঁজে নেন সাদিলেক। চলতি বিশ্বকাপে এটি এখন পর্যন্ত দ্রুততম গোল।

দক্ষিণ কোরিয়ার কাছে আগের ম্যাচে ২-১ গোলে হারের পর নিজেদের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে চেক প্রজাতন্ত্র। মূল একাদশ থেকে বাদ পড়েছেন টমাস সুচেকসহ কয়েকজন নিয়মিত খেলোয়াড়। তাদের পরিবর্তে সুযোগ পাওয়া হোলেশ, সাদিলেক, দারিদা, চের্ভ ও হ্লোজেককে নিয়ে নতুনভাবে সাজানো দল শুরু থেকেই ইতিবাচক ফুটবল উপহার দিয়েছে।
অন্যদিকে মেক্সিকোর বিপক্ষে হারের পর দক্ষিণ আফ্রিকাও একাদশে তিনটি পরিবর্তন আনে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি স্ফেফেলো সিথোলে। এছাড়া থেম্বা জেওয়ানে দল থেকে বাদ পড়েছেন এবং ফস্টার ও সিবিসিকে রাখা হয়েছে বেঞ্চে। প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরার ভালো সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলে বিরতিতে এক গোল পিছিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
এসকে/এসএন