© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির বাবার শারীরিক অবস্থার উন্নতি, গুজবে কান না দেওয়ার অনুরোধ পরিবারের

শেয়ার করুন:
মেসির বাবার শারীরিক অবস্থার উন্নতি, গুজবে কান না দেওয়ার অনুরোধ পরিবারের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৬ এএম | ১৯ জুন, ২০২৬
লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়ার পর, সবকিছু পরিষ্কার করেছে তার পরিবার। তিনি বর্তমানে একটি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। গুজব ও অপতথ্য ছড়ানো নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে পারিবার।

“মেসি পরিবার জানাচ্ছে যে, হোর্হে একটি স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন, সুস্থ হয়ে উঠছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে।”

“সাম্প্রতিক সময়ে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন, গুজব ও জল্পনা-কল্পনার প্রেক্ষিতে, একটি একান্ত ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে কিছু লোক যেভাবে সংবেদনশীলতা, সম্মান এবং বিবেকবোধের অভাবের সঙ্গে উপস্থাপন করেছে, তাতে পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করছে।”

বিশ্বস্ত মাধ্যম থেকে সরাসরি না আসা তথ্যকে সত্য বলে বিবেচনা না করার অনুরোধ করা হয়েছে।

“পরিবার আরও স্পষ্ট করে জানাতে চায় যে, হোর্হের শারীরিক অবস্থা সম্পর্কে শুধুমাত্র তার পরিবারের নিকটতম সদস্যরাই সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানেন। তাই পরিবার বা তাদের আনুষ্ঠানিক মাধ্যম থেকে আসা তথ্য ছাড়া অন্য কোনো প্রতিবেদন, বিবৃতি বা তথ্যকে সত্য বলে বিবেচনা করা উচিত নয়। এরকম সময়ে দায়িত্বশীলতা, বিচক্ষণতা এবং সহানুভূতি কামনা করছি আমরা।”

“একজন ব্যক্তির স্বাস্থ্য এবং তার চারপাশের মানুষদের মানসিক শান্তি কোনো জল্পনা বা দায়িত্বজ্ঞানহীন গণমাধ্যমের আগ্রহের বিষয় হওয়া উচিত নয়। যে ভালোবাসা, শ্রদ্ধা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অনুরোধ করছি যে, এই প্রক্রিয়া চলাকালীন হোর্হে ও তার পুরো পরিবারের গোপনীয়তা, তথ্যের সুরক্ষাকে সম্মান করা হোক। যেকোনো প্রাসঙ্গিক তথ্য পরিবার কর্তৃক ও যথাযথ মাধ্যমে অবিলম্বে জানানো হবে।”



এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েন লিওনেল মেসি। উদযাপনের এক পর্যায়ে তার চোখে দেখা যায় জল। জার্সিতে চোখ মুছতেও দেখা যায় তাকে।

প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলা মেসি ম্যাচের পর বলেন, ফুটবলের বাইরের বিষয় থেকেই তার চোখে জল এসেছিল।

“আমি কেন কেঁদেছিলাম? এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। গত কিছু দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। পুরো ম্যানেজমেন্ট এবং আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ আমি, কারণ তারা সবসময় আমার পাশে ছিল এবং এই কঠিন সময়টা পার করতে আমাকে অনেক শক্তি জুগিয়েছে।”

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে সবগুলো গোল করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পান মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডে মিরোস্লাভ ক্লোসার (১৬) পাশে বসার পাশাপাশি আরও বেশ কিছু রেকর্ড গড়েন আটবারের ব্যালন দ’র জয়ী।

এসকে/টিএ

মন্তব্য করুন