নিউইয়র্কের টাইমস স্কয়ারে হঠাৎ গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পর্যটকরা
ছবি: সংগৃহীত
১০:২০ এএম | ১৯ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে গুলির ঘটনা ঘটেছে। এ সময় পর্যটক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের পরপরই সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করা হয়।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, এ ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
ঘটনার কিছুক্ষণ আগেই এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিক্সের বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত প্যারেডে লোয়ার ম্যানহাটনের সড়কগুলো জনসমাগমে ভরে উঠেছিল। কর্মকর্তারা জানান, অনুষ্ঠানটি ঘিরে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, বিশ্বকাপ উপলক্ষে টাইমস স্কয়ারে স্বাভাবিকের চেয়ে বেশি দর্শনার্থী ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ পাওয়া মাত্র টাইমস স্কয়ারে থাকা লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে ছুটতে শুরু করেন। পর্যটক ও আশপাশের লোকজনকে আশ্রয় খুঁজতে হুড়োহুড়ি করতে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, সন্দেহভাজনরা সড়ক ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকায় টহলরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করেন। গুলির ঘটনাটি একটি পার্ক করা পুলিশ গাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে ঘটেছে। ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
এর আগে গত ১৬ জুন টাইমস স্কয়ারে আরেকটি গুলির ঘটনা ঘটে। ৫৩ বছর পর এনবিএ শিরোপা জয়ের পর নিউইয়র্ক নিক্স সমর্থকদের উদযাপনের সময় ওই ঘটনা ঘটে।
টিজে/এসএন