জাতীয় স্বার্থই আমাদের রেড লাইন: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত
১১:৫৮ এএম | ১৯ জুন, ২০২৬
ইরানের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার আদায়ে আলোচনা শুরু করার বিষয়ে দেশটির সর্বোচ্চ নেতার সবুজ সংকেতকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি) ইরানি জনগণের অধিকার রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে পুনর্ব্যক্ত করেছেন তিনি।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, জাতির উদ্দেশ্যে দেওয়া সর্বোচ্চ নেতার বার্তাটি আলোচনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে। তিনি ইরানি জনগণের স্বার্থ সুরক্ষায় কর্মকর্তাদের প্রচেষ্টা ও সদিচ্ছার প্রতি সর্বোচ্চ নেতার স্নেহপূর্ণ স্বীকৃতি এবং আলোচনা শুরুর অনুমোদনের বিষয়টিকে সাধুবাদ জানান।
পেজেশকিয়ান বলেন, প্রেসিডেন্ট এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে, কাউন্সিলের অন্যান্য সদস্যদের নিয়ে আমি তার (সর্বোচ্চ নেতা) উদ্বেগগুলোর প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে এবং ইরানি জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের (রেজিস্ট্যান্স ফ্রন্ট) অধিকার রক্ষায় নিজেকে প্রতিশ্রুতিবন্ধ মনে করি।
তিনি জোর দিয়ে বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য মূল রেড লাইন বা সীমারেখা হলো জাতীয় স্বার্থ এবং ইরানি জনগণের মর্যাদা, সম্মান ও কর্তৃত্বের সুরক্ষা। তিনি আরও যোগ করেন, নিঃসন্দেহে, আলোচনাকারী দলের সুক্ষ্য ও সর্বোচ্চ মনোযোগ এবং আল্লাহর রহমতের ওপর দৃঢ় বিশ্বাসের মাধ্যমে একটি দুর্দান্ত বিজয় অর্জিত হবে।
এর আগে শুক্রবার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয়ের পক্ষ থেকেও একই ধরনের প্রত্যয় ব্যক্ত করা হয়। সেখানে দেশের পূর্ণ অধিকার আদায় এবং শহীদ নেতার হত্যার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অবিচল থাকার অঙ্গীকার করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের প্রতিশ্রুতি লঙ্ঘনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। পেজেশকিয়ানের বিবৃতিটি তারই ধারাবাহিকতায় এলো।
সুত্র: মেহের নিউজ
টিজে/এসএন