© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

শেয়ার করুন:
আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৪ পিএম | ১৯ জুন, ২০২৬
তিস্তা ব্যারাজ এবং তিস্তা নদী তীরবর্তী ভাঙন পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে আজ শুক্রবার (১৯ জুন) লালমনিরহাট সফরে যাচ্ছেন সরকারের তিন মন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুপুরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে মন্ত্রীরা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভায় তিস্তা অববাহিকার নদীভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, নদীশাসন এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া সফরের অংশ হিসেবে তিস্তা পাড়ের ভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন তারা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও সমস্যাগুলোও সরাসরি শুনবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তিস্তা তীরবর্তী এলাকার বাসিন্দারা জানান, সরকারের উচ্চপর্যায়ের এই সফর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথকে আরও বেগবান করবে। একই সঙ্গে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ এবং স্থায়ী নদীশাসনের উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশা করছেন।

স্থানীয়দের মতে, প্রতিবছর বর্ষা মৌসুমে তিস্তার ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। ফলে দীর্ঘদিন ধরেই স্থায়ী সমাধানের দাবিতে সোচ্চার রয়েছেন নদীপাড়ের মানুষ।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র বলেন, ‘মন্ত্রীদের সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

কেএন/এসএন


 

মন্তব্য করুন