কোনো ফলকে আমার নাম থাকবে না : এমপি মমিনুল হক
ছবি: সংগৃহীত
০২:২৪ পিএম | ১৯ জুন, ২০২৬
সরকারি উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে নিজের নাম না রাখার নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক।
তিনি বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে সরকারি উন্নয়নমূলক যেকোনো প্রকল্পের নামফলকে আমার নাম থাকবে না।
এটি আমার নির্দেশ। জনগণের ট্যাক্সের টাকায় করা কাজে আমার নাম থাকবে কেন? এটা হতে পারে না।’
শুক্রবার (১৯ জুন) সকালে হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো জানান, তার কার্যকালে যেসব ফলকে নাম থাকবে, সেগুলো তিনি উদ্বোধন করবেন না।
এর আগে তিনি তার এমপির পুলিশি প্রটোকলও বাতিল করেছেন বলে জানান।
উদ্বোধন উপলক্ষে কলেজ হলরুমে আয়োজিত সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, কলেজ গভর্নিংবডির সভাপতি তালুকদার আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেনসহ অন্যরা।
এসএন