© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুক পেজ হ্যাক, জুয়ার বিজ্ঞাপন পোস্ট

শেয়ার করুন:
ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুক পেজ হ্যাক, জুয়ার বিজ্ঞাপন পোস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫২ পিএম | ১৯ জুন, ২০২৬
সাইবার হামলার শিকার হয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক পেজ। শুক্রবার (১৯ জুন) বিকেলে 'Aminul Haque' নামের এই পেজটি হ্যাক করে দফায় দফায় অনলাইন জুয়ার বিজ্ঞাপন পোস্ট করে একটি চক্র। ঘটনার পর প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে পেজটি ডিঅ্যাক্টিভেট (বন্ধ) রাখা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিমন্ত্রীর পেজ থেকে প্রথম দফায় পরপর চারটি অনলাইন জুয়ার বিজ্ঞাপন পোস্ট করা হয়। তাৎক্ষণিকভাবে সেগুলো মুছে ফেলা হলেও বিকেল ৬টা ৩৭ মিনিটে আবারও ইংরেজি ও তুর্কি বর্ণমালায় আরও তিনটি একই ধরনের পোস্ট দেয় হ্যাকাররা। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে পেজটি সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়।



এই বিষয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

আরও বলা হয়েছে, এই সময়ে তার আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তা যেন কেউ বিশ্বাস না করেন বা বিভ্রান্ত না হন। এসব কর্মকাণ্ডের দায়ভার আমিনুল হকের নয়; বরং এটি তার ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

জানানো হয়েছে, ইতোমধ্যে আইডি পুনরুদ্ধারের চেষ্টা চলমান রয়েছে। আইডি পুনরুদ্ধার সম্পন্ন হলেই তিনি আনুষ্ঠানিকভাবে সবাইকে অবহিত করবেন। সকলের সহযোগিতা ও সচেতনতা কাম্য।

এমআর/টিকে  

মন্তব্য করুন