দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা মরক্কো শিবিরে
ছবি: সংগৃহীত
০৯:৫৭ পিএম | ১৯ জুন, ২০২৬
ধর্ষণ মামলায় মরক্কোর তারকা খেলোয়াড় আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি হতেই হবে। শুক্রবার একটি ফরাসি আপিল আদালত এই খবর নিশ্চিত করেছে।
পিএসজির সঙ্গে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর বর্তমানে বিশ্বকাপে খেলছেন হাকিমি। গত ফেব্রুয়ারিতে এক তদন্তকারী বিচারকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, তাকে বিচারের মুখোমুখি হওয়া উচিত। মূলত তাদের সুপারিশের ভিত্তিতে সবশেষ রায় এলো।
সি গ্রুপে মরক্কো তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল। তার প্রায় ১২ ঘণ্টা আগে আদালতের এই রায় শুনলেন হাকিমি।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ২৪ বছর বয়সী এক তরুণী হাকিমির বিরুদ্ধে তাকে প্যারিসের বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ করেন। বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন।
ভার্সাই আপিল আদালত একটি সংবাদ বিবৃতিতে জানিয়েছেন যে, তারা হাকিমিকে ধর্ষণের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালত বলেছে যে, তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত চলাকালীন তদন্তকারী চেম্বার জানিয়েছে, হাকিমির বিরুদ্ধে বিচারের জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে।
শুক্রবার এক্স-এ এক বার্তায় হাকিমি বলেছেন, তিনি যদি বিখ্যাত কেউ না হতেন তাহলে এই মামলা খারিজ হয়ে যেত। তার মাঝে মধ্যে মনে হয়, তিনি একটি সহজ লক্ষ্যে পরিণত হয়েছেন। বিচারের দিনতারিখ এখনও ধার্য করা হয়নি।
এমআর/টিকে