© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির ট্যাকল নিয়ে এবার রেফারির বিরুদ্ধে ফিফাকে অভিযোগ আলজেরিয়ার

শেয়ার করুন:
মেসির ট্যাকল নিয়ে এবার রেফারির বিরুদ্ধে ফিফাকে অভিযোগ আলজেরিয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২১ এএম | ২০ জুন, ২০২৬
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরেছে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আলজেরিয়া। ওই ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। বিশেষ করে রেকর্ডগড়া হ্যাটট্রিক করা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির করা একটি ট্যাকল অন্যতম আলোচনার বিষয়। যা নিয়ে এবার ফিফার কাছে অভিযোগ দিয়েছে আলজেরিয়া।

বিষয়টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সূত্র শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ফিফার রেফারিং কমিশনের কাছে পাঠানো অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রথমার্ধের একটি ঘটনা, যেখানে আর্জেন্টাইন অধিনায়ক মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে (ক্যাফ) পা দিয়ে আঘাত করেছিলেন।



ওই ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই মেসি ওই চ্যালেঞ্জটি করেন। পরে তিনি হ্যাটট্রিক পূর্ণ করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার সমতায় পৌঁছে যান। দুজনের গোল সমান ১৬টি করে। এখন ক্লোসাকে ছাড়িয়ে রাজত্ব কায়েমের পথে এলএমটেন।

কানসাস সিটিতে অনুষ্ঠিত আর্জন্টিনা-আলজেরিয়ার ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি শিমন মারচিনিয়াক। তিনি কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন, যেখানে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল।

আর্জেন্টিনার বিপক্ষে হারের পর আগামী মঙ্গলবার জর্ডানের মুখোমুখি হবে আলজেরিয়া। টুর্নামেন্টে টিকে থাকার জন্য ম্যাচটি তাদের জন্য ‘মাস্ট-উইন’। অন্যদিকে, আগেরদিন (সোমবার) অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।

আরআই/টিএ

মন্তব্য করুন