নদীভাঙনের হুমকিতে সিরাজগঞ্জের বাহুকা গ্রাম, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
ছবি: সংগৃহীত
০৮:০৮ পিএম | ২০ জুন, ২০২৬
দীর্ঘদিন পর আবারও নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্তি ইউনিয়নের বাহুকা গ্রামে। শনিবার দুপুরের পর হঠাৎ করে যমুনা নদীর তীরবর্তী একটি স্থানে ধস নামলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীতীরের একটি বড় অংশ ধসে প্রায় ৩০ মিটার নিচের দিকে দেবে গেছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে ভাঙন আরও বিস্তৃত হয়ে পুরো বাহুকা গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামকে হুমকির মুখে ফেলতে পারে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকাটি বড় ধরনের নদীভাঙনের বাইরে থাকলেও হঠাৎ করে এভাবে ধস নামায় তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে শত শত বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে।
নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা অবিলম্বে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে জিও ব্যাগ ফেলা, ব্লক স্থাপনসহ জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং শত শত মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।