বোরকা পরা নারী পছন্দ নয় ইমতিয়াজ আলির!
ছবি: সংগৃহীত
০৮:৪৪ পিএম | ২০ জুন, ২০২৬
নতুন সিনেমা ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা বলিউড নির্মাতা ইমতিয়াজ আলী বোরকা ও পর্দা প্রথার বিরোধিতা করে মন্তব্য করেছেন। তার মতে, যেসব নারী বোরকা পরায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা মূলত মানসিক নির্যাতনের শিকার। দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত তার নতুন ছবিটিকে ঘিরে নেট দুনিয়ার একাংশ ‘দেশবিরোধী’ বলে কটাক্ষ করার পর, পোশাক নিয়ে তার এই নতুন মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এই ব্যক্তিগত ভাবনার কথা জানান ইমতিয়াজ আলী। বোরকা পরা প্রসঙ্গে তিনি বলেন, যখন কেউ বলে- আমি বোরকায় স্বচ্ছন্দ, আমি পর্দায় স্বচ্ছন্দ; সেটি শুনতে আমার ভালো লাগে না। আপনার যদি এমনটা মনে হয়, তবে আমি বলব আপনি মানসিক নির্যাতনের শিকার।

অনুষ্ঠান চলাকালীন আয়োজকদের পক্ষ থেকে তার এই মতামতের বিরোধিতা করে বলা হয়, বিভিন্ন সম্প্রদায়ের নিয়মকানুন ভিন্ন এবং কাউকে তার ইচ্ছামতো পোশাক পরিধান করা থেকে আটকানো যায় না।
আয়োজকদের এমন মন্তব্যের জবাবে ইমতিয়াজ আলী জানান, তিনি কাউকে জোরপূর্বক আটকানোর পক্ষে নন। তিনি বলেন,"আমি কারো বাড়ি গিয়ে কিছু বারণ করছি না। বরং আমি মনে করি, সামাজিক জীব হলে সবার মধ্যে সহনশীলতা ও সংযম থাকা উচিত। তবে আজকাল মনে হয় সবাই চরমপন্থী হয়ে উঠেছে, যার ফলে যেকোনো বিষয়ে সুস্থ আলোচনা করা কঠিন হয়ে পড়েছে। আমি কারো শত্রু নই।
চলচ্চিত্র নির্মাতা হিসেবে পর্দায় স্বাধীনচেতা নারী চরিত্র ফুটিয়ে তোলার জন্য ইমতিয়াজ আলীর আলাদা নাম রয়েছে। তার নির্মিত ‘রকস্টার’ সিনেমার ‘হীর’ কিংবা ‘তামাশা’র ‘তারা’ চরিত্রগুলো এর বড় উদাহরণ। মূলত এই কারণেই তিনি বাস্তব জীবনেও নারীদের পর্দাবন্দি রাখার পক্ষপাতী নন বলে জানান।
এসএ/টিএ