৫৪ বছরের মধ্যে এবার সবচেয়ে ভালো বাজেট দিয়েছে সরকার : হুইপ দুলু
ছবি: সংগৃহীত
০৮:৫৬ পিএম | ২০ জুন, ২০২৬
বিএনপি যখনই ক্ষমতায় এসেছে শিক্ষাবান্ধব বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরের মধ্যে এবার সবচেয়ে ভালো বাজেট দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।
এই বাজেট দেশের কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণের বাজেট।
শনিবার (২০ জুন) বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত গুণীজন সংবর্ধনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকেই দেশের শিক্ষক, জ্ঞানীগুণী ও বুদ্ধিজীবী শ্রেণিকে সম্মানিত করেছে।
বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, সাবেক প্রশাসক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, গুণীজন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শফীউল হাসান তিতু, সদস্যসচিব রাশিদুল ইসলাম ও মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুস সাত্তারকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, বিএনপি নেতা দেওয়ান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআর/টিকে