© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিততে পারে, বিশ্বাস ইব্রাহিমোভিচের

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিততে পারে, বিশ্বাস ইব্রাহিমোভিচের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ এএম | ২১ জুন, ২০২৬
বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত ছন্দে রয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পর স্বাগতিকদের নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন অনেকেই। সেই তালিকায় যোগ দিয়েছেন সুইডেনের কিংবদন্তি ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচও। তার বিশ্বাস, বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে ২০২৬ বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে যুক্তরাষ্ট্রের। প্রতিবেদন গোল ডটকমের। 

সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল মরিসিও পচেত্তিনোর দল। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। পরে অ্যালেক্স ফ্রিম্যানের হেড থেকে আসে দ্বিতীয় গোল। এই জয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পাশাপাশি ১৯৩০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়ের কীর্তি গড়েছে মার্কিনরা।


ম্যাচ শেষে ফক্স স্পোর্টসে বিশ্লেষণ দিতে গিয়ে ইব্রাহিমোভিচ বলেন, ‘আগে যদি বিশ্বাস না করে থাকেন, তাহলে এখন থেকে বিশ্বাস করতে শুরু করুন। পুরো দেশ তাদের পাশে আছে। এমন সমর্থন থাকলে কোনো দলকে হারানো সহজ নয়। আজ তারা দারুণ খেলেছে। সত্যি বলতে, অস্ট্রেলিয়া খুব বেশি হুমকি তৈরি করতে পারেনি।’


বিশ্বকাপে অতীতের পারফরম্যান্স নয়, বর্তমান মুহূর্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন সাবেক এই তারকা ফরোয়ার্ড। তার ভাষায়, ‘বিশ্বকাপের আগে কী হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো এখন কী হচ্ছে। দলটি যে গতি ও আত্মবিশ্বাস পেয়েছে, সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। ম্যাচ থেকে ম্যাচে সেই আত্মবিশ্বাস ধরে রাখতে হবে।’


উপস্থাপক রেবেকা লো যখন এক শব্দে জানতে চান যুক্তরাষ্ট্র কি বিশ্বকাপ জিততে পারবে, তখন বিন্দুমাত্র দ্বিধা না করে ইব্রাহিমোভিচের উত্তর ছিল, ‘হ্যাঁ।’


নকআউট পর্ব নিশ্চিত হলেও গ্রুপপর্বে এখনও একটি ম্যাচ বাকি যুক্তরাষ্ট্রের। লস অ্যাঞ্জেলেসে তুরস্কের বিপক্ষে সেই ম্যাচে জয় পেলে গ্রুপসেরা হিসেবে শেষ ষোলোতে উঠবে পচেত্তিনোর দল। এতে নকআউট পর্বে তুলনামূলক সুবিধাজনক পথও পেতে পারে তারা।


টিজে/টিএ 

মন্তব্য করুন