অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গুরুত্বপূর্ণ গোল
ছবি: সংগৃহীত
০৩:১৮ এএম | ২১ জুন, ২০২৬
আইভরিকোস্টের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি জার্মানি। কাই হ্যাভার্টজের গোল বাতিল হওয়ায় হতাশ হতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ম্যাচের ৩৯তম মিনিটে আইভরিকোস্টের রক্ষণে চাপ তৈরি করে বল কেড়ে নেয় জার্মানি। এরপর ফ্লোরিয়ান ভির্টজ বল বাড়িয়ে দেন হ্যাভার্টজের দিকে। গোলরক্ষক জায়গা ছেড়ে বেরিয়ে আসায় সহজেই বল জালে পাঠান এই ফরোয়ার্ড।

হ্যাভার্টজ গোল উদ্যাপনের জন্য কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ও শুরু করেছিলেন। কিন্তু ঠিক তখনই বাঁশি বাজান রেফারি। গোলটি বাতিল করা হয়, কারণ গোলের আগে বল দখলের লড়াইয়ে জামাল মুসিয়ালা আইভরিকোস্টের ডিফেন্ডার কুস্যুনোকে ফাউল করেছিলেন।
পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনা করেও রেফারির সিদ্ধান্ত বহাল রাখে। ফলে সমতায় ফিরতে পারেনি জার্মানি এবং ০-১ গোলে পিছিয়েই থাকে।
এটি ছিল ম্যাচে জার্মানির দ্বিতীয়বার গোল বাতিল হওয়ার ঘটনা। এর আগে ২৩তম মিনিটে কর্নার থেকে আলেক্সান্ডার পাভলোভিচের হেডে বল জালে গেলেও গোল দেওয়া হয়নি। কারণ, গোলরক্ষকের ওপর ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি।
সেই বাতিল গোলের হতাশা আরও বাড়ে সাত মিনিট পর। ৩০তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরিকোস্ট। ফলে একের পর এক সুযোগ নষ্ট ও গোল বাতিলের কারণে চাপে পড়ে যায় জার্মানি।
টিজে/টিএ