© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের করের হিসাব প্রকাশ্যে আনছেন ব্রিটেনের রাজা চার্লস

শেয়ার করুন:
নিজের করের হিসাব প্রকাশ্যে আনছেন ব্রিটেনের রাজা চার্লস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০২ এএম | ২২ জুন, ২০২৬
ব্রিটেনের রাজা চার্লস ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ জনগণকে জানাতে যাচ্ছেন যে রাজা হিসেবে তিনি কত টাকা কর বা ট্যাক্স দেন। রবিবার (২১ জুন) বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজপরিবারের আয়-ব্যয় আরো বেশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিটেনের প্রচলিত আইন অনুযায়ী, রাজা চার্লস তার মা রানী এলিজাবেথের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যা কিছু পেয়েছেন, তার ওপর কোনো আয়কর (ইনকাম ট্যাক্স), মূলধন লাভ কর বা উত্তরাধিকার কর দিতে বাধ্য নন। কিন্তু রাজা চার্লস স্বেচ্ছায় তার ব্যক্তিগত আয় ও ব্যক্তিগত সম্পত্তি বিক্রির ওপর আয়কর দিতে রাজি হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাজপরিবারের বার্ষিক হিসাব প্রকাশের সময় এই করের বিস্তারিত তথ্য জনগণের সামনে আনা হবে।

২০২৫-২৬ অর্থবর্ষে রাজকীয় দায়িত্ব পালনের জন্য সরকারের কাছ থেকে ১৩২ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৭৫ মিলিয়ন ডলার) পেয়েছেন রাজা চার্লস। এর বাইরেও বিভিন্ন জমি, ব্যক্তিগত সম্পত্তি ও অন্যান্য বিনিয়োগ থেকে তার মোটা অঙ্কের ব্যক্তিগত আয় রয়েছে। বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানান, রাজা চার্লস যখন ‘প্রিন্স অব ওয়েলস’ ছিলেন, তখনও তিনি নিয়মিত করের তথ্য জানাতেন এবং রাজা হওয়ার পরও সেই স্বচ্ছতা বজায় রাখতে চান।

রাজার এই করের তথ্য প্রকাশের সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো, যখন রাজপরিবারের সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন উঠছে।

গত বছর ব্রিটিশ সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি রাজপরিবারের সদস্যদের থাকার জন্য দেওয়া সরকারি বাড়ি ও আবাসিক সম্পত্তির ব্যবস্থা নিয়ে একটি তদন্ত শুরু করেছে। এমন পরিস্থিতিতে রাজা চার্লসের এই পদক্ষেপ রাজপরিবারের প্রতি জনগণের আস্থা বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন