মালয়েশিয়ায় পুরোনো কোরআনের মর্যাদা রক্ষায় পরিবেশবান্ধব উদ্যোগ
ছবি: সংগৃহীত
০১:২২ পিএম | ২২ জুন, ২০২৬
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে জীর্ণ ও পুরোনো পবিত্র কুরআনের যথাযথ মর্যাদা রক্ষা এবং সম্মানজনকভাবে দাফনের জন্য পরিবেশবান্ধব একটি অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জাতীয় ফতোয়া কমিটির নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কুরআনের মর্যাদা রক্ষা এবং ইসলামী বিধান অনুসরণ করে নিয়মিত এ কর্মসূচি পরিচালিত হয়।
দ্য বোর্নিও পোস্ট জানিয়েছে, সম্প্রতি রাজ্যটির কর্মকর্তারা ১ হাজার ৮০২ কিলোগ্রাম কুরআনের ছাই বিশেষ জৈব-বিয়োজ্য কাগজের ব্যাগে ভরে কুচিং উপকূলসংলগ্ন দক্ষিণ চীন সাগরে নির্ধারিত স্থানে নিক্ষেপ করেন।
মোট ২১২টি বিশেষ ‘একিউ-০১’ পরিবেশবান্ধব কাগজের ব্যাগে সংরক্ষিত এই ছাই সারাওয়াকের বিভিন্ন জীর্ণ কুরআন নিষ্পত্তি কেন্দ্রে প্রক্রিয়াজাত করার পর প্রস্তুত করা হয়।
সারাওয়াক ইসলামিক ধর্মীয় দপ্তরের (জেইস) কোরআন ইউনিটের প্রধান আব্দুল রহিম রশিদ বলেন, জাতীয় ফতোয়া কমিটির নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কুরআনের মর্যাদা রক্ষা এবং ইসলামী বিধান অনুসরণ করে নিয়মিত এ কর্মসূচি পরিচালিত হয়।
তিনি জানান, সারাওয়াকের পদ্ধতি দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ভিন্ন। এখানে ব্যবহৃত বিশেষ জৈব-বিয়োজ্য কাগজের ব্যাগ পরিবেশের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। প্রতিটি ব্যাগের ওজন প্রায় সাড়ে আট কিলোগ্রাম এবং চার মিনিটেরও কম সময়ে পানিতে সম্পূর্ণ ডুবে গিয়ে স্বাভাবিকভাবে বিলীন হয়ে যায়। এতে পুরো প্রক্রিয়া একদিকে যেমন ইসলামী বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত থাকে।
দক্ষিণ সারাওয়াকে এ ধরনের এটিই ছিল প্রথম বৃহৎ আয়োজন। অনুষ্ঠানে সারাওয়াক মুফতি দপ্তর, উপকূলীয় প্রহরী বাহিনী, নৌ-পুলিশ, মৎস্য অধিদপ্তর, নদী বোর্ড এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফআর/টিকে