হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
ছবি: সংগৃহীত
০৭:০৮ পিএম | ২২ জুন, ২০২৬
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখওয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। মাঝারি ধরনের এ ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেলে এই কম্পন অনুভূত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টা ২২ মিনিটে এই ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তিস্থল। ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল।
পাকিস্তানের যেসব এলাকায় এই কম্পন বেশি অনুভূত হয়েছে, তার মধ্যে রয়েছে পেশোয়ার, রাজধানী ইসলামাবাদ, মানসেহরা, সোয়াত, বাত্তাগ্রাম এবং অ্যাবোতাবাদ।
ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে এই কম্পনের পর এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ভূমিকম্প পরবর্তী সময়ে আবারও মৃদু কম্পন বা আফটারশক হওয়ার আশঙ্কা থাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
একইসঙ্গে, সবাইকে জরুরি নিরাপত্তা নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমআই/টিএ