১৬৭ কোটি টাকায় সাড়ে ২২ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
ছবি: সংগৃহীত
০৩:৩৮ পিএম | ২৪ জুন, ২০২৬
২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ১৬৭ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা।
১৬৭ কোটি টাকায় সাড়ে ২২ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস কাছ থেকে এই ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৮১ টাকা ৪৭ পয়সা।
এছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এটিরও প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৮৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৭৪ টাকা ৮৬ পয়সা। এই ডাল কেনা হবে অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে।
সভায় মসুর ডাল ছাড়াও পরিশোধিত সয়াবিন তেল ও পাম অলিন ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
টিকে/