এবার বয়স বিতর্কে মৌনী রায়
ছবি: সংগৃহীত
০৯:৩৩ পিএম | ২৪ জুন, ২০২৬
বলিউডে বয়সের হিসাব নিয়ে বিতর্ক যেন কখনও শেষ হয় না। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে বয়স, চরিত্র ও পর্দার সম্পর্ক নিয়ে দর্শকদের কৌতূহল সবসময়ই বেশি। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী মৌনী রায়।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার ট্রেলার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ, ৪০ বছর বয়সী মৌনী রায়কে দেখা যাবে ৩৯ বছর বয়সী অভিনেতা বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে। বয়সের ব্যবধান মাত্র এক বছর হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক দর্শক।
তবে বিতর্কের জবাবে একেবারেই নির্লিপ্ত মৌনী। তার ভাষ্য, দর্শকের সমালোচনার চেয়ে চরিত্রের প্রয়োজন এবং পরিচালকের ভাবনাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “মানুষ কী বলছে, তা নিয়ে আমি খুব একটা ভাবিনি। পরিচালক আমার কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন, সহশিল্পীরাও খুশি ছিলেন। একজন অভিনেত্রী হিসেবে সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তবে মজার বিষয় হলো, চরিত্রটির প্রস্তাব প্রথমবার শুনে নিজেও বিস্মিত হয়েছিলেন মৌনী। কাস্টিং ডিরেক্টর যখন তাকে জানান যে বরুণ ধাওয়ানের মায়ের ভূমিকায় অভিনয় করতে হবে, তখন তার প্রথম প্রতিক্রিয়া ছিল, “বরুণের মা?”

পরে পরিচালক ডেভিড ধাওয়ান ও চিত্রনাট্যকারের কাছ থেকে পুরো গল্প শোনার পর বিষয়টি তার কাছে পরিষ্কার হয়। তিনি বুঝতে পারেন, এটি প্রচলিত মা-ছেলের সম্পর্ক নয়, বরং গল্পের হাস্যরসাত্মক অংশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ছবিতে তিনি মূলত ‘ভুয়া মা’ এর চরিত্রে অভিনয় করছেন, যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়।
মৌনীর মতে, চরিত্রটি এতটাই মজার ছিল যে গল্প শুনতে শুনতেই তিনি হেসে ফেলেছিলেন। সেই কারণেই চ্যালেঞ্জিং এই চরিত্রে কাজ করতে রাজি হন। এই সিনেমার সঙ্গে মৌনীর আবেগের আরেকটি কারণ পরিচালক ডেভিড ধাওয়ান। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নির্মাতার সিনেমা দেখে বড় হয়েছেন তিনি। তাই তার পরিচালনায় কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাননি।
ছোট পর্দার জনপ্রিয় মুখ থেকে বলিউড তারকায় পরিণত হওয়া মৌনী রায় বরাবরই নিজেকে ভিন্ন চরিত্রে উপস্থাপনের চেষ্টা করেছেন। ‘নাগিন’ থেকে শুরু করে ‘গোল্ড’ ও ‘ব্রহ্মাস্ত্র’এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।
এবার প্রায় সমবয়সী একজন নায়কের মায়ের চরিত্রে অভিনয় করে নতুন বিতর্কের জন্ম দিলেও মৌনী স্পষ্ট করে দিয়েছেন, একজন অভিনেতার কাছে চরিত্রের গুরুত্বই সবচেয়ে বড়। আর সেই বিশ্বাস নিয়েই তিনি হাজির হচ্ছেন নতুন চ্যালেঞ্জে।
এসএ/টিএ