সংসদে আক্তারুজ্জামানঅনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন
ছবি: সংগৃহীত
০১:৫৫ পিএম | ২৫ জুন, ২০২৬
অনেকেই আগে রিকশায় চড়তেন, আর এখন প্রাডো গাড়িতে ঘোরেন এবং জুলাই চেতনা বিক্রি করেন—জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারি দল বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান এমন মন্তব্য করেছেন।
তিনি বলেন, আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-১০ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অধিবেশনে আক্তারুজ্জামান বলেন, আমরা জুলাইয়ে যুদ্ধ করেছি, আমি নিজেও করেছি। এখানে উপস্থিত অনেকের পাশাপাশি আমাদের সন্তানেরাও এতে অংশ নিয়েছে। কিন্তু অনেকেই এখন জুলাই চেতনা বিক্রি করছেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না, বরং তা হৃদয়ে ধারণ করি; কারণ জুলাই কোনো বিক্রি করার বিষয় না।
অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমি নির্বাচনের সময় যে গাড়িটিতে চড়তাম, সেটির অবস্থা এখন খুব খারাপ, তবুও আমি এখনো সেই গাড়িতেই চড়ি। কিন্তু যারা জুলাই চেতনা বিক্রি করছেন, উনারা আগে কিসে চড়তেন আর এখন কিসে চড়েন, তা ভাবা দরকার। উনারা এখন কোন বাসায় থাকেন, উনাদের কী পরিবর্তন হয়েছে, তা যদি মাঝে মধ্যে লাইভে এসে জাতিকে দেখাতেন, তবে উনাদের বর্তমান অবস্থাটা দেশের মানুষ স্পষ্ট বুঝতে পারত।
বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও চিকিৎসা, সব মিলিয়ে আপনি দেখবেন, সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সিঙ্গাপুর বা কানাডা নই, তবে এই দেশটিকে আমরা সিঙ্গাপুর ও কানাডার মতো উন্নত করতে চাই। এই বাজেটে দেশি-বিদেশি বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কর ছাড়ের সুবর্ণ সুযোগ নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যেন বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগ করেন, বাজেটে সেই ব্যবস্থাই করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সময়ে সঠিক ও দূরদর্শী নেতৃত্বের একমাত্র প্রতীক হলেন তারেক রহমান। মুক্তিযুদ্ধের পর আমরা যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, ঠিক একইভাবে জুলাইকেও ধারণ করি। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যখন মুক্তিযুদ্ধের পর এ দেশের দায়িত্ব নিয়েছিলেন, তখন অর্থনৈতিক মুক্তির জন্য তিনি দেশপ্রেম, সততা ও আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাই আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছে দিতে চাই না; আমরা আমাদের স্বাধীনতা এবং জুলাই, উভয়কেই অন্তরে সমানভাবে ধারণ করি।
এসএন