© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

শেয়ার করুন:
জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ পিএম | ২৬ জুন, ২০২৬
পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই এক নতুন চরিত্র, ভিন্ন গল্প আর অভিনয়ের নিপুণ জাদু। ঢালিউড থেকে টলিউড, এমনকি বলিউড সবখানেই নিজের অভিনয়শক্তির দ্যুতি ছড়াচ্ছেন এই গুণী অভিনেত্রী। এবার তার অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ পেয়েছে।

শুক্রবার (২৬ জুন) ট্রেলারটি সামাজিক মাধ্যমে নিজেও শেয়ার করেছেন জয়া। সঙ্গে জীবনের জটিল সমীকরণ নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। পোস্টে জয়া আহসান লিখেছেন, জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। 

সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি আরও লেখেন, এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়! এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।



২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, ভাঙন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার এক মর্মস্পর্শী গল্প। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে এর পরবর্তী অধ্যায়। নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।’

গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় আগের কিস্তির জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেনের পাশাপাশি এবার নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় এবং অম্বরীশ ভট্টাচার্য।

প্রথম কিস্তির মতো এই নতুন অধ্যায়টিও দর্শকদের হৃদয়ে কতটা নাড়া দিতে পারে, তা জানার জন্য আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।

এসএ/টিকে


মন্তব্য করুন