বাংলায় আসছে চীনের জনপ্রিয় মাইক্রোড্রামা
ছবি: সংগৃহীত
০২:৪৬ পিএম | ২৮ জুন, ২০২৬
২০২৪ সালে চীনে মুক্তি পায় মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’। এক শিশুকে ঘিরে নির্মিত নাটকটি বেশ জনপ্রিয় হয়েছিল। এবার সেই মাইক্রোড্রামা দেখা যাবে বাংলায়। এটিকে বাংলায় ডাবিং করে মুক্তি দিচ্ছে দীপ্ত প্লে। ৩০ জুন প্ল্যাটফর্মটিতে আসবে এটি।
বাংলায় এর নাম দেওয়া হয়েছে ‘সৌভাগ্যের ছোট্ট তারা’। পারিবারিক ও ফ্যান্টাসি গল্পটির কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট মেয়ে সু বাও। জন্মের পর থেকেই নানা ষড়যন্ত্র ও ভুল বোঝাবুঝির কারণে তাকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয়। ফলে তার দত্তক পরিবার ধীরে ধীরে তাকে অবহেলা ও কষ্ট দিতে শুরু করে।
অন্যদিকে, সু বাওয়ের মা এক রহস্যময় ও অশুভ শক্তির দ্বারা শূন্য জগতে বন্দী হয়ে পড়ে। মাকে হারিয়ে এবং দত্তক পরিবারের ভালোবাসা না পেয়ে সু বাও শেষ পর্যন্ত তার মামাদের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে সে প্রথমবারের মতো প্রকৃত স্নেহ, ভালোবাসা এবং পরিবারের উষ্ণতা অনুভব করে। সময়ের সাথে সাথে সু বাও নিজের অতীতের সত্য জানতে শুরু করে এবং তার আসল বাবার সন্ধান পায়। এ সময় তার পাশে দাঁড়ায় শক্তিশালী আধ্যাত্মিক গুরু অ্যাঞ্জেল মাস্টার জি। শেষ পর্যন্ত ভালোবাসা, সাহস এবং পরিবারের শক্তির মাধ্যমে সে প্রমাণ করে, সে আসলে সৌভাগ্যের তারা, দুর্ভাগ্যের নয়।
মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পনা করেছে দীপ্ত টিভির নির্ধারিত টিম। কণ্ঠাভিনয়ের তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা।
এসএ/টিকে