© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারেরও পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারেরও পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ এএম | ২৯ জুন, ২০২৬
বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই সরকারের অনেক সফলতা থাকতে পারে, কিন্তু সরকার যদি ভুল পথে চলে, তাহলে সেই সফলতাও টেকসই হবে না।’

তিনি বলেন, ‘আপনি যদি রেলগাড়ি বেলাইনে বা ভুল পথে চালাতে শুরু করেন, তাহলে কি তা চলবে? চলবে না। কারণ শুরুটাই ভুল পথে হয়েছে। এই সরকারের প্রথম পথ ছিল সংস্কারের পথ; কিন্তু সরকার সেই পথ থেকে সরে অন্য পথে গেছে। ফলে সরকার যা-ই করবে, তা ভুল হিসেবে বিবেচিত হবে।’

‘সরকার যদি আবার সংস্কারের পক্ষে ফিরে আসে স্বাগত জানাব’ উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, ‘আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবেই—এ কথা আমি বড়লেখা থেকে বলে গেলাম।’

তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘বিএনপি যদি সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে বিএনপি সরকারেরও পতন হবে। বিষয়টি তারেক রহমানকে বুঝতে হবে।’

‘১১ দল এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ’ জানিয়ে পাটওয়ারী বলেন, ‘রাজনৈতিকভাবে এ প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। গত নির্বাচনে ৭৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জনগণের রায়ের বিরুদ্ধে কোনো সরকার যেতে পারে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে শেষে তিনি বলেন, ‘সালাউদ্দিন ভাই যতই লাফালাফি করুন, তাতে লাভ হবে না। বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হবে।’

এসময় ১১ দলীয় জোটের নেতা এমাদুল ইসলাম, ফয়ছল আহমদ, এনসিপির নেতা প্রীতম দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

একেএস/টিএ

মন্তব্য করুন