© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

শেয়ার করুন:
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৭ পিএম | ৩০ জুন, ২০২৬
মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট মানেই যেন সালমান খান। বছরের পর বছর ঈদ কিংবা জন্মদিনে এই অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে আসছেন তিনি। সেই পরিচিত দৃশ্যই যেন তারকাকে ঘিরে এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। তবে এবার সেই অধ্যায়ের অবসান ঘটতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ৫২ বছর ধরে পরিবারের ঠিকানা হয়ে থাকা গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নতুন বাড়িতে উঠতে পারেন সালমান খান। প্রতিবেদনে জানানো হয়েছে, বান্দ্রার চিম্বাই এলাকায় সমুদ্রসংলগ্ন একটি নতুন ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন পেয়েছে খান পরিবার। নতুন ভবনটি বর্তমান বাসভবন থেকে খুব বেশি দূরে নয়।

প্রতিবেদন অনুযায়ী, ভবনটিতে থাকবে একটি গ্রাউন্ড ফ্লোর, স্টিল্ট পার্কিং এবং তার ওপর ছয়টি আবাসিক তলা। প্রায় ১ হাজার ১৪ বর্গমিটার আয়তনের এই প্রকল্পের জমি সালমানের মা সালমা খান–এর নামে নিবন্ধিত। যে জায়গায় ভবনটি নির্মিত হবে, সেখানে আগে একটি পুরোনো দোতলা বাড়ি ছিল। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় অনেক আগেই সেটি ভেঙে ফেলা হয়।



যদিও নতুন বাড়িতে কবে উঠবেন, কিংবা গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়বেন কি না এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি খান পরিবার। তবে জানা গেছে, গত ১৬ জুন মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে সালমান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। ২০২৪ সালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তে অভিযোগ ওঠে, লরেন্স বিষ্ণোই গ্যাং এর সদস্যরা ওই হামলার সঙ্গে জড়িত। এরপর থেকেই অভিনেতার নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়। তিনি বর্তমানে ওয়াই-প্লাস নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। পাশাপাশি তার বাসভবনে বুলেটপ্রুফ কাচসহ অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থাও স্থাপন করা হয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, ভক্তদের ভালোবাসা অনেক সময় নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াত। কেউ কেউ তার বারান্দায় উঠে যাওয়ার চেষ্টা করতেন, এমনকি সেখানে অপরিচিত কাউকে ঘুমিয়ে থাকতেও দেখা গেছে। এসব অভিজ্ঞতার কারণেই নিরাপত্তা আরও জোরদার করতে হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বিলাসবহুল বাংলোয় থাকার সুযোগ থাকলেও এতদিন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থেকে গেছেন সালমান খান। ২০১৭ সালে এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, তার বাবা-মা একই ভবনের ওপরের তলায় থাকেন। পরিবারের কাছাকাছি থাকার কারণেই তিনি কখনো এই বাসা ছেড়ে যেতে চাননি। তবে নতুন আবাসন প্রকল্পের অনুমোদনের পর এবার সেই দীর্ঘদিনের ঠিকানা বদলানোর সম্ভাবনাই আলোচনায় এসেছে।

কেএন/এসএন

মন্তব্য করুন