© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রকাশ্যে এলো ‘দ্য রিং’ অভিনেত্রীর মৃত্যুর কারণ

শেয়ার করুন:
প্রকাশ্যে এলো ‘দ্য রিং’ অভিনেত্রীর মৃত্যুর কারণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৫ এএম | ০১ জুলাই, ২০২৬
হলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘দ্য রিং’-এ ভয়ংকর ভূত ‘সামারা মরগান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেত্রী ডেভি চেজ গত ১৬ জুন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।

ডেভি চেজ মারা যাওয়ার পর তাঁর ম্যানেজার জন রায়ান জুনিয়র বিবিসিকে জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার পর সেপসিসে তাঁর মৃত্যু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের চূড়ান্ত প্রতিবেদনে তাঁর মৃত্যুর কারণ হিসেবে এইডসজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়, তাঁর মৃত্যুকে স্বাভাবিক হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি ‘ক্রনিক পলিসাবস্ট্যান্স ইউজ’—অর্থাৎ দীর্ঘদিন একাধিক মাদকদ্রব্য ব্যবহারের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ সহায়ক শারীরিক অবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, অভিনেত্রীর বাবা জন ডেভিড শওয়ালিয়ার দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, মৃত্যুর আগে ডেভেই চেজ লস অ্যাঞ্জেলেসে তাঁর প্রেমিকের সঙ্গে বসবাস করছিলেন।

২০০২ সালে মুক্তি পাওয়া ‘দ্য রিং’ সিনেমায় সামারা মরগান চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন ডেভি চেজ। জাপানি হরর ক্লাসিকের এই মার্কিন রিমেকে টেলিভিশনের পর্দা ভেদ করে বেরিয়ে আসা দীর্ঘ চুলের ভয়ংকর ভূতের চরিত্রটি তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়।



এই চরিত্রে অভিনয়ের জন্য ২০০৩ সালে এমটিভি মুভি অ্যাওয়ার্ডসে ‘সেরা ভিলেন’ পুরস্কারও জিতেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে ডেভি চেজ বলেছিলেন, ‘এটি একেবারেই সাধারণ কোনো চরিত্র ছিল না। সাধারণত তারা হাসিখুশি শিশুচরিত্র খোঁজে, কিন্তু সামারা ছিল ভিন্ন ধরনের। আমি আমার নিজের কণ্ঠকে একটু ভয়ংকরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম।’

একই বছর তিনি ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ লিলো চরিত্রে কণ্ঠ দেন। এই কাজের জন্য তিনি অ্যানি অ্যাওয়ার্ডে ‘সেরা ভয়েস অ্যাক্টিং ইন অ্যান অ্যানিমেটেড ফিচার’ পুরস্কার অর্জন করেন।

পরবর্তীতে ‘লিলো অ্যান্ড স্টিচ’–এর একাধিক স্পিন-অফেও একই চরিত্রে কণ্ঠ দেন তিনি।
এ ছাড়া টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘চার্মড’, ‘ইআর’ এবং ‘টাচড বাই অ্যান অ্যাঞ্জেল’-এ অভিনয় করেন ডেভি চেজ। এইচবিওর আলোচিত সিরিজ ‘বিগ লাভ’-এ ‘রোন্ডা ভলমার’ চরিত্রে ৩২টি পর্বে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

একেএস/টিএ

মন্তব্য করুন