© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে’

শেয়ার করুন:
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৩ এএম | ০১ জুলাই, ২০২৬
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। এবার তাদের সামনে আরও বড় পরীক্ষা, রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। শক্তির বিচারে দুই দলের মধ্যে বিস্তর ব্যবধান থাকলেও জয়ের স্বপ্ন দেখছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস। তার বিশ্বাস, আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর সামর্থ্য তাদের রয়েছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, ‘আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা জিততেই খেলতে নামব। যখন কোনো দলকে নিয়ে প্রত্যাশা কম থাকে, কিন্তু সেই দলের ভেতরে জয়ের প্রবল ইচ্ছা থাকে, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।’



বিশ্বকাপে এবারই প্রথম অংশ নিয়েছে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। তবে অভিষেক আসরেই সবাইকে চমকে দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের সঙ্গে ড্র করে আলোচনায় আসে দলটি। এরপর সৌদি আরবের বিপক্ষেও ড্র করে। একই সময়ে স্পেনের কাছে উরুগুয়ের পরাজয়ে গ্রুপ পর্ব পেরিয়ে ইতিহাস গড়ে কেপ ভার্দে।

অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে আট গোল করেছে লিওনেল স্কালোনির দল। এর মধ্যে ছয় গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বচ্যাম্পিয়নদেরই এগিয়ে রাখছেন প্রায় সবাই। তবে এসব হিসাব-নিকাশে ভরসা নেই কেপ ভার্দের প্রেসিডেন্টের।

২০২১ সাল থেকে কেপ ভার্দের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে চলা নেভেস আরো বলেছেন, ‘নিজেদের ওপর ১০০% বিশ্বকাপ ও ১০০% আশা আছে। আমরা আমাদের জার্সির মর্যাদা রাখতে মাঠে শেষ পর্যন্ত লড়াই করব। কেপ ভার্দে যদি আর্জেন্টিনাকে হারাতে পারে, তাহলে ধরে নেব আমরা বিশ্বকাপ জিতে গেছি। কেপ ভার্দের জন্য এটি হবে এক ঐতিহাসিক ও অবিশ্বাস্য অর্জন।’

তিনি বলেন, ‘কেপ ভার্দের মতো একটি ছোট দেশের সব সময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত। আমরা সেটিই করতে চাই।’

এমনকি জয়ের সম্ভাবনা নিয়েও দারুণ আত্মবিশ্বাসী নেভেস। ‘আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা শতভাগ। কারণ আমরা বিশ্বাস করি, আমরা জিততে পারি,’ বলেন তিনি।

নেভেসের মতে, বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যই ছিল নিজেদের ইতিহাস লেখা এবং সেরাদের বিপক্ষে লড়াই করা।

‘আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লেখার জন্য। আর সেই পথেই এখন আমাদের সামনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।’

তিনি আরও বলেন, ‘মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে আমরা একই দৃঢ়তা, একই আত্মবিশ্বাস এবং জয়ের প্রবল আকাঙ্ক্ষা নিয়েই মাঠে নামব। আমাদের লক্ষ্য পরের পর্বে জায়গা করে নেওয়া এবং নতুন ইতিহাস সৃষ্টি করা।

সূত্র: ইএসপিএন

এফআর/এসএন


মন্তব্য করুন