ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন রদ্রিগো
ছবি: সংগৃহীত
০৭:২৩ এএম | ০২ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার পর নরওয়ের সামনে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা। প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ব্রাজিলের জন্যও সমান উদ্বেগের নাম আর্লিং হালান্ড, যিনি টুর্নামেন্টজুড়ে রয়েছেন দুর্দান্ত ছন্দে।
সেই কারণেই নরওয়ের তারকা স্ট্রাইকারকে নিয়ে মজার এক মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি হালান্ডকে রসিকতা করে পরামর্শ দিয়েছেন, শেষ ষোলোর ম্যাচে যেন তিনি বিশ্রাম নেন।
জাপানকে হারিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল। পরে আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের ২–১ গোলের জয়ের পর চূড়ান্ত হয় শেষ ষোলোর এই বহুল প্রতীক্ষিত লড়াই। সেই ম্যাচে নরওয়ের জয়সূচক গোলটি করেন হালান্ডই। বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার-ফাইনালে।

হালান্ড যে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি, তা বলাই বাহুল্য। এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই চার গোল করেছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। তাই তাকে নিয়ে মজার ছলে মন্তব্য করেছেন রদ্রিগো।
আইভরি কোস্টকে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নরওয়ে। সেই পোস্টের মন্তব্যে রদ্রিগো লেখেন, 'তুমি অনেক পরিশ্রম করেছ... রোববার বিশ্রাম নাও।' মন্তব্যের সঙ্গে তিনি কয়েকটি ব্রাজিলের পতাকার ইমোজিও জুড়ে দেন। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবলভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
লিগামেন্টের চোটে গত মার্চ থেকে মাঠের বাইরে আছেন রদ্রিগো। সেই কারণে বিশ্বকাপেও খেলতে পারছেন না ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।তবে তাকে ছাড়াই দুর্দান্ত ছন্দে রয়েছে ব্রাজিল। গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে চার ম্যাচে অপরাজিত থেকে শেষ ষোলোতে উঠেছে সেলেসাওরা।
আরআই/ এসএন