স্পেনকে রুখতে ইয়ামালকে থামানোই মূল লক্ষ্য: অস্ট্রিয়ার কোচ
ছবি: সংগৃহীত
০৩:২৭ পিএম | ০২ জুলাই, ২০২৬
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে আটকে রাখাই বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রিয়ার সবচেয়ে বড় লক্ষ্য বলে জানিয়েছেন দলটির কোচ রালফ রাংনিক।
বুধবার (১ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইয়ামাল এমন একজন ফুটবলার যাকে বিশ্বের সব ফুটবলপ্রেমী দেখতে ভালোবাসেন। তবে অস্ট্রিয়ার দায়িত্ব হবে, তাকে যত কম সম্ভব বলের সংস্পর্শে আসতে দেওয়া।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস আঞ্জেলেসে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া।
এবারের বিশ্বকাপে ইনজুরি থেকে ধীরে ধীরে ফিরছেন ১৮ বছর বয়সী ইয়ামাল। এপ্রিল মাসে হ্যামস্ট্রিং চোটে পড়ার পর গ্রুপ পর্বের তিন ম্যাচে তিনি খেলেছেন মোট ১৪১ মিনিট এবং গোল করেছেন একটি।

রাংনিক বলেন, লামিন ইয়ামাল অসাধারণ একজন খেলোয়াড়। সুস্থ থাকলে এবং নিজেকে সঠিক পথে রাখতে পারলে আগামী ১২ থেকে ১৪ বছর, এমনকি আরও বেশি সময় সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবে।
তিনি আরও বলেন, আগামীকালের ম্যাচে আমরা তাকে খুব কাছ থেকে নজরে রাখব। তাকে যেন ড্রিবল করার সুযোগ বা খোলা জায়গা না দেওয়া হয়, সেটিই আমাদের লক্ষ্য। বিশ্বের যেকোনো দেশের ফুটবলপ্রেমীই তাকে খেলতে দেখতে ভালোবাসে। কিন্তু আমাদের কাজ হবে তাকে যতটা সম্ভব বল থেকে দূরে রাখা।
গ্রুপ পর্বে তিন ম্যাচে অস্ট্রিয়া ছয়টি গোল করেছে, যা স্পেনের চেয়ে একটি বেশি। তবে ২০২৩ সালের মার্চ থেকে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা স্পেনের বিপক্ষে আরও ভালো খেলতে হবে বলে মনে করেন রাংনিক।
তিনি বলেন, আমরা সবাই জানি, স্পেনের বিপক্ষে আমাদের আরও উন্নত পারফরম্যান্স করতে হবে। এই ম্যাচে আমাদের আরেক ধাপ এগিয়ে যেতে হবে।
অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবাও স্পেনের শক্তিমত্তার প্রশংসা করেছেন। সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার বলেন, স্পেন খুব আকর্ষণীয় ফুটবল খেলে। তাদের দলে অসাধারণ মানের অনেক খেলোয়াড় রয়েছে, যারা একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তবে আমরা ভয় পাচ্ছি না। আমরাও আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই এবং ইতিবাচক ফল নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য নিয়েই নামব।
তবে, এই গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে ডিফেন্ডার ফিলিপ মভেনেকে পাবে না অস্ট্রিয়া। যদিও রাংনিকের বিশ্বাস, দলে পর্যাপ্ত বিকল্প রয়েছে এবং তার দল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেনকে কঠিন চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে।
সূত্র: রয়টার্স
এমআর/টিএ