সবাইকে জানিয়েই বিয়ে করবো: বাপ্পী চৌধুরী
ছবি: সংগৃহীত
০৭:০০ পিএম | ০৩ জুলাই, ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে বিএফডিসিতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সেখানে সংবাদ সম্মেলনে ক্যারিয়ার ও ব্যক্তিগত একাধিক বিষয়ে কথা বলেন এ অভিনেতা। বিএফডিসির সংবাদ সম্মেলনে কথা বলছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে এফডিসি প্রাঙ্গন হয়ে ওঠে উৎসবমুখর। তারকাদের পদচারণায় মুখরিত দিনে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি জানান বাপ্পী। তিনি বলেন, ‘ভোটের দিনের পরিবেশ খুবই ভালো। গত বছরের মতো এবারও ভোট দিলাম ভালো লাগছে।’
সিনেমা জগত থেকে দীর্ঘ সময় দূরে থাকার কারণ জানতে চাইলে বাপ্পী বলেন, ‘আমি একটু অভিমান থেকেই সিনেমা তেকে দূরে আছি। দুই বছর হলো আমার মা মারা গেছেন। বাবা চাইছেন, পারিবারিক ব্যবসায় সময় দেই। সে কারণে এখন ব্যবসাতেই সময় দিচ্ছি। তবে ইচ্ছা আছে ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে সিনেমায় আবার ফিরে আসার।’
বিয়ে প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘বিয়েটা এ বছর করে ফেলতে পারি। আশা করা যায়। গোপনে বিয়ে করার প্ল্যান নেই। সবাইকে জানিয়েই বিয়ে করবো। লাভ ম্যারেজে প্রাধান্য দিলেও বাবা মেনে না নিলে ওই বিয়ে করবো না।’
নির্বাচন প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘আসলে ব্যক্তিগত স্বার্থেই বেশিরভাগ মানুষ নির্বাচনে আসেন। বেশিরভাগ ক্ষেত্রে অসহায় শিল্পীদের উন্নতি হয় না। তাই আমার অনুরোধ, আমাদের বয়োজ্যেষ্ঠরা যেন ভালো কিছু উদ্যোগ গ্রহণ করে কনিষ্ঠদের গাইডলাইন দেয়। শিল্পী সমিতি যদি চায়, আমি সবার জন্য কিছু কাজ করবো। শুধু নিজের জন্য পয়সা উপার্জন করতে নির্বাচনে এসে আমি কাউকে হতাশ করতে চাই না।’
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় বাপ্পীর। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘অন্যরকম ভালবাসা’, ‘জটিল প্রেম’, ‘তবুও ভালোবাসি’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘অনেক দামে কেনা’, ‘আমি তোমার হতে চাই’, ‘নায়ক’ ইত্যাদি।
এসএ/টিকে