© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জোড়া বিশ্বরেকর্ডের রাতে মেসির ২০তম গোলের জাদু!

শেয়ার করুন:
জোড়া বিশ্বরেকর্ডের রাতে মেসির ২০তম গোলের জাদু!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৮ এএম | ০৪ জুলাই, ২০২৬
ফুটবল বিশ্বকাপের মঞ্চে রেকর্ডবুক ওলটপালট করা যেন নিয়মিত অভ্যাস বানিয়ে ফেলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নেমেই এক ম্যাচে জোড়া বিশ্বরেকর্ডের নতুন ইতিহাস গড়লেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা।

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ইতিহাসে ৩০টি ম্যাচ খেলার একক রেকর্ড এখন কেবলই মেসির। তার পেছনে আছেন ২৬টি বিশ্বকাপ ম্যাচ খেলা পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

শুধু তাই নয়, ম্যাচটিতে মাঠে নামার সঙ্গে সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ ২৭টি ম্যাচে 'শুরুর একাদশে' থাকার আরেক অনন্য রেকর্ডও নিজের করে নিলেন এলএম১০।



ইতিহাস গড়ার এই স্মরণীয় রাতটিকে মেসি রাঙিয়েছেন নিজের চিরচেনা ফুটবল জাদুতে।

ম্যাচের ২৯ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন অধিনায়ক। সতীর্থ লাউতারো মার্তিনেজের বাড়িয়ে দেওয়া বল নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে, প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আলতো লব করে বল জালে জড়ান মেসি।


ডাগআউট থেকে গ্যালারি; মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।


এই দৃষ্টিনন্দন গোলের মাধ্যমে ফুটবল মহাযজ্ঞে সব মিলিয়ে নিজের ২০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। একই সঙ্গে চলতি বিশ্বকাপে মাত্র চার ম্যাচে এটি মেসির সপ্তম গোল। এর মাধ্যমে ২০২২ সালের কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পুরো অভিযানে নিজের করা মোট ৭টি গোলের রেকর্ডকে মাত্র চার ম্যাচেই ছুঁয়ে ফেললেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী।

কাতারের সেই রূপকথার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বাদে সব ম্যাচেই গোল পেয়েছিলেন মেসি। আর এবার ২০২৬ আসরে নিজের অভিষেক ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক (৩ গোল) দিয়ে শুরু করেন তিনি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে ২টি এবং জর্ডানের বিপক্ষে বদলি নেমে ১টি গোল করার পর এবার কেপ ভার্দের জাল কাঁপালেন তিনি।

এই গোলের ওপর ভর করে চলতি আসরে গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপ্পেকে (৬ গোল) পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠে এলেন মেসি।

কেএন/টিএ

মন্তব্য করুন